রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউরিচ ও ডিডের আয়োজনে বিভাগীয় স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইসিটি ডিভিশনের অর্থায়নে সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলনায়তনে এ সামিটের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০০ শিক্ষার্থী ও উদ্যোক্তারা রেজিস্ট্রেশন করে অংশ নেয়।
স্টার্টআপ সামিটে তিনটি সেগমেন্টে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। সাধারণ অংশগ্রহণকারী, বিজনেস আইডিয়া কম্পিটিশন এবং স্টার্টআপ শো-কেসিং। প্রায় ১০০টি দল বিজনেস আইডিয়া কম্পিটিশনে প্রতিযোগিতা করেছে। সেখান থেকে ১০টি দল আজকে ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করে। বিজয়ীদের ২ লক্ষ টাকা প্রাইজপুল দেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহীর তরুণ উদ্যোক্তারা মিলনায়তনের সামনে বিভিন্ন স্টলে তাদের পণ্য, প্রোটোটাইপ প্রদশর্ন করেছেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. সালেহ হাসান নকীব, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খাদেমুল ইসলাম মোল্লা।
বিভাগীয় স্টার্টআপ সামিটের অন্যতম আয়োজক ইউরিচের সহপ্রতিষ্ঠাতা তাহফিম হাসান মেহেদী বলেন, “বিভাগীয় স্টার্টআপ সামিটের মূল লক্ষ্য রাজশাহী বিভাগ থেকে তরুণ উদ্যোক্তা তৈরি করা এবং রিজিওনাল স্টার্টআপ ইকো-হাভ তৈরি করা। যেসব তরুণ উদ্যোক্তা হতে চায় তাদেরকে প্রতিষ্ঠিত স্টার্টআপের সাথে যুক্ত করা যাতে তাদের ছোট ছোট উদ্যোগ সফলভাবে প্রতিষ্ঠিত হয়।”
উল্লেখ্য, ইউরিচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত একটি সংগঠন। শিক্ষার্থীদের গবেষণা শেখানো এবং সামাজিক সমস্যা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হওয়াতে আগ্রহ তৈরি করার জন্য বিভিন্ন আয়োজন করছে।