লাল–সবুজে মোড়া কফিনে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। মরদেহ নির্বিঘ্ন ও মর্যাদাপূর্ণভাবে দেশে পৌঁছাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন তিনি। রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলি লাগলে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।