বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮ বছর পূর্তি উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় দুপুর ১টা থেকে বিকাল পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচির প্রশংসা করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, “ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে আমাদের মাঝে যেমন দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিকতার বিকাশ ঘটবে, তেমনি ফুলের চারা বিতরণ পরিবেশ সুরক্ষায় আমাদের আরও সচেতন করবে।এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি আয়োজকদের সাধুবাদ জানাই।”
ফ্রিতে কুরআন নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, সাথে কুরআন না থাকায় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় চাইলে কুরআন পড়া যায় না। অর্থসহ এই কুরআন ফ্রিতে পাওয়ায় আমাদের মুসলিম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পড়ার সুযোগ হবে। এজন্য ছাত্রী সংস্থাকে ধন্যবাদ জানাই।
কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, ” আজ বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবি শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য কুরআন ও ফুলের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।
আমাদের পরিকল্পনা ৬৫০জন নারী শিক্ষার্থীর মধ্যে ৬৫০কপি কুরআন ও ৬৫০টি ফুলের চারা(গোলাপ, টগর, বেলী, গন্ধরাজ) বিতরণ করার। এই পর্যন্ত ৩৫০জনের বেশি শিক্ষার্থীকে কুরআন ও ফুলের চারা দেয়া হয়েছে। “