ডিজিটাল ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে বসে থাকা তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে দেওয়া সেই মন্তব্যে উপস্থিত চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
শনিবার (১১ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং উপস্থিতদের প্রশ্নের উত্তর দেন।
আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্য খাত নিয়ে তার পরিকল্পনা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী পাশে বসে থাকা ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে হেসে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে অডিটোরিয়ামে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। পরে প্রশ্নকারী বলেন, ডা. জুবাইদা রহমান যেহেতু প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন, তিনি যদি স্বাস্থ্য খাতের উন্নয়নে উদ্যোগ নেন, তাহলে সেটি সবার জন্য গর্বের বিষয় হবে।
এর আগে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।