ডেস্ক নিউজ
জার্মান পার্লামেন্ট চলাকালীন সময় দর্শক সারিতে থাকা এক ব্যক্তিকে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করতে দেখা যায়। সূত্র: আনাদোলু এজেন্সি।
গত বুধবার (২৬ নভেম্বর) বিদেশী নীতির ওপর বিতর্ক চলাকালীন সময় দর্শক সারিতে থাকা ওই ব্যক্তি পতাকা উঁচিয়ে ধরাকে গাজা নিয়ে জার্মান সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বর্ণনা করেন।
জানা যায়, এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল গাজা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখছিলেন। তিনি বলেছিলেন, “আমরা দেখতে পাচ্ছি যে গাজা উপত্যকায় একটি দুর্বল যুদ্ধবিরতি চলছে।” ঠিক এ সময় প্রতিবাদকারী জোহানের বক্তব্য থামিয়ে ফিলিস্তিনের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, “যুদ্ধবিরতি নেই।”
প্রতিবাদকারী ব্যক্তি আরও অভিযোগ করেন যে, জার্মান সরকার ইসরাইলের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করছে না। ফলে গাজায় শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে।
পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত ডেপুটি পার্লামেন্ট প্রেসিডেন্ট ওমিদ নুরিপুর দ্রুত পরিস্থিতি মোকাবিলা করেন এবং প্রতিবাদকারীকে দর্শক সিট থেকে বের করে দেন। এরপর নিরাপত্তা কর্মীরা ওই যুবককে পার্লামেন্ট ভবন থেকে বের করে নিয়ে যায়।