শাবিপ্রবি প্রতিনিধি
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের (সাদা দল) উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
কর্মসূচির শুরুতে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলিত হয়।
এ সময় শিক্ষকরা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের ত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের দাবি জানান।
এ সময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব কেবল একটি ইতিহাস নয়, এটি অন্যায়, অবিচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের সাধারণ শিক্ষার্থী ও জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের ভিত্তি তৈরি করে দিয়েছিল আমাদের শিক্ষার্থীরা, তা ধরে রাখা এবং এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন এবং আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। যার মধ্যে দিয়ে যাতে কোনো স্বৈরাচারী এবং ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কোনো সেক্টরেই যাতে ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেটাই ছিল আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। কিন্তু আজ এটার ব্যত্যয় ঘটছে। জুলাই বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে গেছে। যারা এটাকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাদেরকে স্মরণ করে দিতে চায় হাসিনার পরিণতি একদিন ভোগ করতে হবে।”