top3

দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা প্রতিরোধে তেহরান

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরে চলা এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস ও চাবাহারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তাদের মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরান থেকে ছোড়া ২০টির বেশি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট ও একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে কোনো সিদ্ধান্তের আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তাদের আগ্রহ নেই। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই।

এদিকে পরিস্থিতি আরও জটিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version