ইরানে চলমান বিক্ষোভ দিন দিন সহিংস রূপ নেওয়ায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের এ নির্দেশনা দেয়। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার জন্য অপেক্ষা না করে মার্কিন নাগরিকদের নিজ উদ্যোগে অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়।
চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
নির্দেশনায় এ ব্যাপারে দেশটি বলেছে, ‘ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে, এমন প্রস্তুতি রাখুন। যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান। এ মুহূর্তে ইরান ছাড়ুন।’
যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হবে—এমন কোনো পরিকল্পনা না রাখতেও ইরানে থাকা জনগণকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
আর যারা ইরান ছাড়তে পারবেন না, তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন, তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে সঙ্গে রাখুন।’
এ ছাড়া যেসব জায়গায় আন্দোলন চলছে, সেসব জায়গায় না যেতেও আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের।