আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অবৈধ লেনদেন ও অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ ব্যাংক। ভোটকে সামনে রেখে আগামী চার দিন দেশের সব ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা কমিয়ে আনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ১০০০ টাকা
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস সেবার মাধ্যমে এখন থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনে মোট ১০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন।
সাধারণ সময়ে এসব ক্ষেত্রে লেনদেনের সীমা অনেক বেশি থাকলেও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এই সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং (IBFT)
নির্বাচনী এই চার দিন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির (IBFT) মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে টাকা পাঠানো সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ, বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাটি এই সময়ে পাওয়া যাবে না।
সচল থাকবে যেসব সেবা
তবে সাধারণ গ্রাহকদের কেনাকাটা ও নাগরিক সুবিধার কথা চিন্তা করে কিছু সেবা শিথিল রাখা হয়েছে।
মার্চেন্ট পেমেন্ট: দোকান বা অনলাইন শপে কেনাকাটার পর পেমেন্ট করার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম বজায় থাকবে।
পরিষেবা বিল: বিদ্যুৎ, পানি বা গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না।
নজরদারি ও আইনি ব্যবস্থা
এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি লেনদেনের ওপর ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ (Close Monitoring) চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ‘জরুরি রেসপন্স সেল’ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংগঠিত হলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।