Connect with us

তথ্য ও প্রযুক্তি

ফেসবুকে লিংক পোস্ট করতে ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে, পরীক্ষা শুরু মেটার

Published

on

ফেসবুকে লিংক শেয়ারের ক্ষেত্রে নতুন ধরনের সীমাবদ্ধতা পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা। এই পরীক্ষার আওতায় নির্দিষ্ট কিছু বিনা মূল্যের ব্যবহারকারী মাসে খুব সীমিত সংখ্যক লিংক–সংবলিত পোস্ট করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রম করলে তাদের ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সাবস্ক্রিপশনের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, কয়েকজন ব্যবহারকারী টানা এক সপ্তাহ লিংক পোস্ট করতে না পারার অভিযোগ জানানোর পর তিনি বিষয়টি খতিয়ে দেখেন। পরে স্ক্রিনশটসহ তিনি জানান, ফেসবুক কিছু ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছে—১৬ ডিসেম্বর থেকে মেটা ভেরিফায়েড নয়, এমন প্রোফাইল মাসে সর্বোচ্চ দুটি অর্গানিক পোস্টে লিংক যুক্ত করতে পারবে।

তবে এই সীমাবদ্ধতা সব ধরনের লিংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিনা মূল্যের অ্যাকাউন্ট থেকেও মন্তব্যে লিংক দেওয়া যাবে। একই সঙ্গে অ্যাফিলিয়েট লিংক ব্যবহারেও কোনো বাধা থাকছে না। এছাড়া ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও থ্রেডসের মধ্যে নিজেদের পোস্টের লিংক শেয়ার আগের মতোই করা যাবে।

থ্রেডসে দেওয়া এক পোস্টে ম্যাট নাভারা জানান, মেটার পক্ষ থেকে তাকে বলা হয়েছে—এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা। এর মাধ্যমে যাচাই করা হচ্ছে, বেশি লিংক–সংবলিত পোস্ট করার সুযোগ মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য বাড়তি মূল্য তৈরি করে কি না।

মেটার পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সীমার বাইরে লিংক শেয়ার করতে চাইলে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে। এই প্যাকেজের আওতায় ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ, উন্নত অ্যাকাউন্ট সুরক্ষা এবং পরিচয় সুরক্ষার মতো অতিরিক্ত সুবিধা পাবেন।

মেটা আরও জানিয়েছে, আপাতত সংবাদমাধ্যম বা প্রকাশকদের অ্যাকাউন্টকে এই পরীক্ষার আওতায় আনা হয়নি। একই সঙ্গে পোস্টে লিংকের সীমা থাকলেও মন্তব্যে লিংক শেয়ার করা যাবে বাধাহীনভাবে।

টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। এর লক্ষ্য হচ্ছে—লিংক–সংবলিত পোস্টের অতিরিক্ত সুবিধা সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্য কতটা কার্যকর তা যাচাই করা।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর ওপর। অনেকেই ফেসবুককে ব্যবহার করেন নিজেদের ব্লগ, ভিডিও বা অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্টে দর্শক টানার প্রধান মাধ্যম হিসেবে। নতুন এই সীমাবদ্ধতা তাদের পৌঁছানোর পরিসর সংকুচিত করতে পারে।

মেটার তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ফেসবুকের মোট ভিউয়ের ৯৮ শতাংশের বেশি এসেছে লিংকবিহীন পোস্ট থেকে। লিংক–সংবলিত পোস্টে ভিউয়ের হার মাত্র ১ দশমিক ৯ শতাংশ। এসব ভিউয়ের বড় অংশই এসেছে পেজ অনুসারীদের কাছ থেকে; বন্ধু বা গ্রুপভিত্তিক ভিউ তুলনামূলকভাবে কম।

সবচেয়ে বেশি শেয়ার হওয়া লিংক ডোমেইনের তালিকায় রয়েছে ইউটিউব, টিকটক ও গোফান্ডমি। ফলে নতুন এই সীমা কার্যকর হলে ফেসবুকের বাইরের প্ল্যাটফর্মে কনটেন্ট ছড়িয়ে দেওয়া সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ও স্বয়ংক্রিয় কনটেন্ট সারসংক্ষেপের বিস্তার ইতোমধ্যে লিংকভিত্তিক ওয়েবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। এক্স (সাবেক টুইটার)–এর মতো প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভেতরে ধরে রাখতে লিংক পোস্টের বিস্তার কমানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুকের এই নতুন পরীক্ষা সেই ধারারই আরেকটি ইঙ্গিত বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

চলতি মাসেই বাজারে আসছে আইফোনের নতুন মডেল, দাম কত?

Published

on

By

অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববাজারে খুব শিগগিরই উন্মোচিত হতে পারে এই মডেলটি। ব্লমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন মডেলটির উন্মোচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সাধারণত বছরের শুরুতে কম দামের আইফোন বাজারে আনে অ্যাপল। গত বছর ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল ‘আইফোন ১৬ই’। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসে নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা প্রবল।

জানা গেছে, আইফোন ১৭ই–এর প্রধান আকর্ষণ হবে এর উন্নত হার্ডওয়্যার। এতে ব্যবহৃত হতে পারে সর্বাধুনিক এ১৯ চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করবে। ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবার যুক্ত হতে পারে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা আগের মডেলে ছিল না।

গারম্যান আরও জানিয়েছেন, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহার করা হবে, যা নেটওয়ার্ক সংযোগের মান উন্নত করবে।

দামের দিক থেকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগের মডেলের মতোই নতুন আইফোনের দাম প্রায় ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইন বিষয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আগের মডেলে নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ত বছর হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছরের শুরু হলেও বছরজুড়ে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ওএলইডি ডিসপ্লেসংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ারের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও পাইপলাইনে রয়েছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Continue Reading

top3

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে রাজারবাগে ডিবির অভিযান

Published

on

জামায়াত ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

Continue Reading

top3

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

Published

on

By

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

এ লক্ষ্যে শনিবার নাসা তাদের শক্তিশালী এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চে নিয়ে গেছে।

‘আর্টেমিস-২’ নামের এই মিশনে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী অংশ নেবেন। পরীক্ষায় সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি রকেটটি উৎক্ষেপণ হতে পারে। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন, তবে চাঁদে অবতরণ করবেন না।

নাসা জানায়, এটি ভবিষ্যতে চাঁদে মানুষ নামানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালে আর্টেমিস-১ নামের মানবহীন মিশন সফলভাবে সম্পন্ন করা হয়েছিল।

এদিকে চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতার মধ্যেই নাসা তাদের চন্দ্র অভিযানের গতি বাড়িয়েছে।

Continue Reading

Trending