top3

ববিতে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, ম্যাচ বয়কট সাংবাদিকতা বিভাগের

Published

on

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো’ স্মৃতি ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের মধ্যকার খেলায় আম্পায়ারের নেয়া একটি ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একপর্যায়ে সিদ্ধান্ত পরিবর্তন না করায় ম্যাচ বয়কট করে মাঠ ছাড়ে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়রা। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মো. রনি শেখ। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রাফি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাইম।

ম্যাচে প্রথমে ব্যাট করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৮ ওভারে ৬১ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে হিসাববিজ্ঞান বিভাগ রান তাড়া করতে নামে। ম্যাচের শেষদিকে হিসাববিজ্ঞান বিভাগের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৭ রান।

এ সময় সাংবাদিকতা বিভাগের করা শেষ বলটি লেগ আম্পায়ার রাফি ‘নো বল’ ঘোষণা করেন। সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ মুহূর্তে লেগ আম্পায়ারের এই সিদ্ধান্তটি একপাক্ষিক ছিল এবং এতে ম্যাচের ফলাফল সরাসরি প্রভাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সিদ্ধান্তটি ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও হতাশা ও অসন্তোষ দেখা দেয়।

সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানো হলেও টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, আম্পায়ারের পক্ষ থেকে বলা হয়, বল করার সময় বোলারের হাত বাঁকা হওয়ায় সেটিকে ‘নো বল’ ঘোষণা করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধিনায়ক এনায়েন হাসান বলেন, ম্যাচের একেবারে শেষ বলে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আরও সতর্ক ও নিরপেক্ষ থাকা প্রয়োজন ছিল। শেষ বলে ৭ রান প্রয়োজন ছিল সেখানে আউট হয়ে যায় কিন্তু আম্পায়ার পক্ষপাতমূলকভাবে নো বল দেয় যা সরাসরি অনিয়ম। আমরা অনিয়মের অভিযোগ তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানালেও তা আমলে নেয়া হয়নি।

এ ঘটনায় একটি বড় টুর্নামেন্টে আম্পায়ার নির্বাচন, ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা এবং অভিযোগ নিষ্পত্তিতে আয়োজক কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে লেগ আম্পায়ার রাফির বিতর্কিত ‘নো বল’ সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে বিষয়টি যথাযথভাবে সমাধান না হওয়ায় টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version