top2

বিএনপির নির্বাচনি প্রচারে গুলি, আহত ৫

Published

on

কক্সবাজারের টেকনাফে আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারকালে একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। এ সময় উৎসুক লোকজন গাড়িটির আশপাশে ভিড় করলে হঠাৎ করে অজ্ঞাতনামা একদল ব্যক্তি পাশ থেকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version