অলটাইম ডিজিটাল রিপোর্ট
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।
সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তাতে অংশগ্রহণে কোনো ভাটা পড়েনি। বৃষ্টির মধ্যেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।
আয়োজকদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ এবং সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই এ গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।