রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলাচলযোগ্য তুলনামূলক ভালো থাকা রাস্তা ভেঙে আবারও সংস্কারের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন মার্কেট সংলগ্ন রাস্তায় এ সংস্কারকাজ চলছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগার ও পরিবহন মার্কেটের পাশের সড়কের বিভিন্ন অংশ ভেঙে সংস্কারের কাজ করা হচ্ছে। রাস্তাটিতে কোনো যানবহন চলাচল করে না। পথচারীরা হেটে ও সাইকেলে চলাচল করে। রাস্তাটি চলাচলের উপযোগী রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
oplus_2097154
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনেক রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এসব রাস্তার প্রকৃত সংস্কার প্রয়োজন হলেও সেগুলোর দিকে কতৃপক্ষের নজর নেই। অথচ তুলনামূলক ভালো রাস্তা ভেঙে আবার সংস্কার করা হচ্ছে। এতে অপ্রয়োজনীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয় হচ্ছে।
oplus_2097154
রাসেল হুসাইন নামে এক শিক্ষার্থী বলেন, ‘যেসব রাস্তা সংস্কার করা জরুরি, সেগুলো পড়ে আছে। অথচ ভালো রাস্তা ভেঙে আবার কাজ করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থের অপচয় হচ্ছে। প্রশাসনের উচিত আগে বেশি জরুরি রাস্তাগুলো চিহ্নিত করে সংস্কার করা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, রাস্তাটিতে সংস্কারকাজ চলছে। ভালো রাস্তা নষ্ট করছি না। ওই রাস্তাই থাকবে। এ কাজে আহামরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না।