top3

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৫০ জন নিখোঁজ

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৬০ আরোহীর মধ্যে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় মাত্র ১০ জন প্রাণে বেঁচে যান।

বুধবার (১৫ জুলাই) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনচালিত নৌকাটি। তবে কিছুদূর এগোতেই সেটি ডুবে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাগরের প্রবল স্রোতে ভেসে যান। পরে ১০ জন সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। সেখান থেকে তাদের উদ্ধার করে পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত মাসেও একই অঞ্চলে আরেকটি নৌকাডুবিতে ৫১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

প্রায় এক দশক ধরে ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা বাড়তে থাকায় লিবিয়ার উপকূল মানবপাচারকারী চক্রের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রাণহানির ঘটনাও নিয়মিত ঘটছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যাদের লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version