শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইয়াবা ও গাঁজাসহ আটক এক মাদক সরবরাহকারী প্রক্টরদের হাত থেকে পালিয়ে গেছেন। এ সময় তার ফেলে যাওয়া মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, চারটি ইয়াবা, দুই পুঁটলি গাঁজা ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তি বরিশাল জেলার সৌরভ হাসান (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের অধীনে অস্থায়ী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা।গেছে।
নিরাপত্তাকর্মী ও প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রধান ফটক এলাকায় নিরাপত্তাকর্মীরা ইয়াবা ও গাঁজাসহ সৌরবকে আরও তিনজনের সঙ্গে আটক করেন। পরে বিষয়টি প্রক্টরদের জানানো হলে চারজনকে প্রক্টর অফিসে নেওয়া হয়।
প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের সময় সৌরভ বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনকারী ও সংশ্লিষ্ট কয়েকজনের তথ্য দেন বলে জানায় কর্তৃপক্ষ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের আটক করতে তাকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প এলাকায় যান প্রক্টররা।
সেখানে পৌঁছানোর পর প্রক্টরদের কাছ থেকে অভিযুক্ত পালিয়ে যান। এ সময় তিনি সঙ্গে থাকা মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, চারটি ইয়াবা, দুই পুঁটলি গাঁজা ও পরিচয়পত্র ফেলে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো বেলাল হোসাইন শিকদার বলেন, “নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিদিনের মতো সেদিনও আমরা টহল দিচ্ছিলাম। প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মীরা মাদকসহ কয়েকজনকে আটক করার খবর দিলে আমরা সেখানে যাই। পরে মাদক সরবরাহকারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি।”
এসময় “জিজ্ঞাসাবাদে সে আরও কয়েকজনের তথ্য দিলে তাদের ধরতে তাকে সঙ্গে নিয়ে যাই। সেখানে গিয়ে সে পালিয়ে যায়। তবে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, ইয়াবা ও গাঁজা রেখে যায়। পরে পুলিশকে খবর দিয়ে উদ্ধার করা জিনিসগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।”
তবে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) শামসুল হাবিব বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। চারটি ইয়াবা, দুই পুঁটলি গাঁজা, একটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।”