ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি চীনা বিজ্ঞানীদের
চুল পড়া ও টাকের সমস্যা কমাতে বিশেষ ধরনের ইলেকট্রিক চিরুনি তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, বৈদ্যুতিক উদ্দীপনা ও ওষুধ প্রয়োগের সমন্বয়ে তৈরি এই চিরুনি চুলের গোড়ায় নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।
বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি চিরুনিটির নাম ‘ডিট্যাঙ্গল’। পুরুষদের বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় এটি কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকেরা। তবে এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর এর পরীক্ষা চালানো হয়েছে।
গবেষণাটি চলতি মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ইঁদুরের ওপর পরীক্ষায় প্রচলিত চিকিৎসা পদ্ধতির ওষুধ মিনোক্সিডিলের তুলনায় ডিট্যাঙ্গল ভালো ফল দিয়েছে। এক মাসের পরীক্ষায় চুল পুনরুদ্ধারের কার্যকারিতা প্রায় ৭০ শতাংশ থেকে বেড়ে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন গবেষকেরা।
যেভাবে কাজ করে চিরুনিটি
ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ বহনকারী অণু যুক্ত করা হয়েছে। দাঁতগুলোর উচ্চতায় পার্থক্য রাখা হয়েছে, যাতে চুলের গোড়ার নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়।
গবেষকদের মতে, চিরুনিটি থেকে নির্গত বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে। একই সঙ্গে ওষুধ চুলের গোড়ায় পৌঁছানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করে। ফলে চুল গজানোর উপযোগী পরিবেশ তৈরি হতে পারে।
প্রচলিত চিকিৎসার সীমাবদ্ধতা
পুরুষদের বংশগত টাক একটি পরিচিত সমস্যা। মিনোক্সিডিল চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। তবে এর কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হয়। ফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে এবং উপকার ধরে রাখতে নিয়মিত ব্যবহার করতে হয়। মাথার ত্বকে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।
আরেকটি প্রচলিত ওষুধ ফিনাস্টেরাইড। এটি বংশগত টাকের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে যৌন সমস্যা ও বিষণ্নতার মতো বিষয় রয়েছে।
এ ছাড়া হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে মাথার চুলযুক্ত অংশ থেকে ফলিকল নিয়ে টাক পড়া স্থানে প্রতিস্থাপন করা হয়। তবে এ পদ্ধতি ব্যয়বহুল এবং অস্ত্রোপচারনির্ভর।
মানুষের ওপর পরীক্ষা বাকি
গবেষকদের দাবি, ইঁদুরের ওপর পরীক্ষায় পাওয়া ফল ডিট্যাঙ্গল চিরুনির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে মানুষের ক্ষেত্রে এটি কতটা কার্যকর ও নিরাপদ হবে, তা এখনো জানা যায়নি।
মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে আরও পরীক্ষা প্রয়োজন। এসব পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটির নিরাপত্তা, কার্যকারিতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





