মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
তথ্য ও প্রযুক্তি

ব্লুটুথে নতুন প্রযুক্তি, ডেটা স্থানান্তরের গতি বাড়বে প্রায় চার গুণ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ব্লুটুথে নতুন প্রযুক্তি, ডেটা স্থানান্তরের গতি বাড়বে প্রায় চার গুণ
ব্লুটুথ লোগো। ছবি: সংগৃহীত

ওয়্যারলেস প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে নতুন ফিচার যুক্ত করেছে ব্লুটুথ প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) নামের নতুন প্রযুক্তির মাধ্যমে ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের গতি প্রায় চার গুণ বাড়বে।

ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে যুক্ত হয়েছে এই প্রযুক্তি। এর ফলে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ডিভাইসে সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিট হবে। অর্থাৎ আগের তুলনায় প্রায় ৩ দশমিক ৭৫ গুণ বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রযুক্তি ওয়্যারলেস অডিও ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষ করে উন্নতমানের অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড ও স্পেশাল অডিও ব্যবহারে বাড়তি ডেটা স্থানান্তরের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু অডিও প্রযুক্তি নয়, দৈনন্দিন ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট, ফিটনেস ডেটা সিঙ্ক এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে বড় ফাইল আদান-প্রদানের কাজ আগের চেয়ে দ্রুত করা সম্ভব হবে।

এ ছাড়া বাড়তি ব্যান্ডউইথের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশন ও স্পেশাল কম্পিউটিং ডিভাইসের সঙ্গে ব্লুটুথের সংযোগ আরও কার্যকর হতে পারে। এতে ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে সময় কম লাগবে।

নতুন প্রযুক্তিটির আরেকটি সুবিধা হলো, এটি ব্লুটুথ লো এনার্জি ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি। ফলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচের সুবিধা বজায় রেখেই বেশি গতিতে তথ্য স্থানান্তর করা যাবে।

প্রযুক্তিটির সমর্থনযুক্ত প্রথম দিকের ডিভাইস ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এ প্রযুক্তির সমর্থনযুক্ত ডিভাইসের ঘোষণা আসতে পারে।

সব মিলিয়ে, ব্লুটুথ এইচডিটি প্রযুক্তি ওয়্যারলেস সংযোগে তথ্য স্থানান্তরের গতি বাড়ানোর পাশাপাশি স্মার্ট ডিভাইস ও অডিও প্রযুক্তির ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz