রাজশাহীতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন ২০২৬ ’ শিরোনামে কর্মসূচি হাতে নিয়েছে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী অঞ্চল। ২০১৪ সাল থেকে নিয়মিত আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে এবার শতাধিক পথশিশুকে ঈদের নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইউনিস্যাব সূত্রে জানা যায়, ঈদের দিন কোনো শিশু যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সমাজের মূলধারার সাথে মিলেমিশে উৎসবটি উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কর্মসূচির আওতায় পথশিশুদের পোশাক ও উপহারের পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। আগামী ৬ মার্চ (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২০ অধিক শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।
এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। গতকাল (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে তহবিল সংগ্রহে নেমেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। মেয়েদের হলগুলোতে বিকেল সাড়ে তিনটা এবং ছেলেদের হলগুলোতে সন্ধ্যার পর থেকে এই গণতহবিল সংগ্রহ কার্যক্রম চলছে।এরপর নগরীর বিভিন্ন এলাকায় তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে। এছাড়া অনলাইন তাহবিল সংগ্রহ এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩রা মার্চ।
ইউনিস্যাব রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক রাশাদুজ্জামান রাকিব বলেন, “ইদ ফর স্ট্রিট চিল্ড্রেন আমাদের একটি সিগনেচার ইভেন্ট। এই মানবিক উদ্যোগের মাধ্যমে নগরীর অবহেলিত ও ছিন্নমূল পথশিশুদের মুখে ইদের আনন্দ ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার জন্য, এই বিশ্বাস থেকেই আমাদের এ প্রয়াস।”
তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আয়োজনটি সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। এসময় তিনি এ মানবিক কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী অঞ্চল। তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইউনিস্যাব রাজশাহী অঞ্চল। সেই ধারাবাহিকতায় ২০১৪ সাল থেকে ‘ ঈদ ফর স্ট্রিট চিল্ড্রেন ‘, ‘ প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ‘, ‘ ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ‘, ‘ ছায়া জাতিসংঘ ( UNYSAB MUN) ‘ আয়োজন করে আসছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়