ক্যাম্পাস

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ইবি’র ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র ত্রাণ বিতরণ

Published

on

ইবি প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। শনিবার (১৮ জুলাই) সংগঠনটির উদ্যোগে অধিকতর ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় ১০ কেজি ওজনের একটি খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হয়, যার আনুমানিক মূল্য ছিল ৫০০ টাকা। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।

এ সম্পর্কে সংগঠনের সদস্য সচিব রায়হান কবির বলেন, “আমাদের কার্যক্রম শুধু ফিলিস্তিনকেন্দ্রিক নয়। মানবতা যেখানে বিপর্যস্ত হবে, সেখানেই আমাদের সামর্থ্য অনুযায়ী ছুটে যাওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের দুর্দশার খবর পেয়ে আমরা দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “বন্যাকবলিত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তাই সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, হ্যান্ডস ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ইবি ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনার মাধ্যমে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version