top3

চলতি মাসেই বাজারে আসছে আইফোনের নতুন মডেল, দাম কত?

Published

on

অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববাজারে খুব শিগগিরই উন্মোচিত হতে পারে এই মডেলটি। ব্লমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন মডেলটির উন্মোচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সাধারণত বছরের শুরুতে কম দামের আইফোন বাজারে আনে অ্যাপল। গত বছর ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল ‘আইফোন ১৬ই’। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসে নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা প্রবল।

জানা গেছে, আইফোন ১৭ই–এর প্রধান আকর্ষণ হবে এর উন্নত হার্ডওয়্যার। এতে ব্যবহৃত হতে পারে সর্বাধুনিক এ১৯ চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করবে। ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবার যুক্ত হতে পারে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা আগের মডেলে ছিল না।

গারম্যান আরও জানিয়েছেন, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহার করা হবে, যা নেটওয়ার্ক সংযোগের মান উন্নত করবে।

দামের দিক থেকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগের মডেলের মতোই নতুন আইফোনের দাম প্রায় ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইন বিষয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আগের মডেলে নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ত বছর হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছরের শুরু হলেও বছরজুড়ে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ওএলইডি ডিসপ্লেসংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ারের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও পাইপলাইনে রয়েছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version