পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ আসনে দলটির কোনো প্রার্থী না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।
স্থানীয় নেতারা বলেন, নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক হিসেবে সারজিস আলমের প্রতি তারা সমর্থন দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে তার ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।
বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলমের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে।
ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লেখেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১-এর জন্য আল্লাহ কবুল ফরমান।
ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন লিখেছেন, দলীয় প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।