ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
রোববার (১ মার্চ) দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
বাসেম আল আওয়াদি বলেন, ‘গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র ইসলামী উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি।’
মুখপাত্র আরও বলেন, মানবিক ও নৈতিক নিয়ম লঙ্ঘন করে প্রকাশ্য আগ্রাসন চালানোর মধ্য দিয়ে খামেনিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক বিধির স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ভোরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ৮৬ বছর বয়সি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে খামেনির বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় খামেনির কন্যা, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পের দাবি, খামেনিই এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং সিস্টেমের নজরদারি এড়াতে পারেননি।