নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন— অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান পুলিশ অধিদপ্তর এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন।