ক্যাম্পাস

ববিতে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত 

Published

on

ববি প্রতিনিধি

তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্যোগে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন তরুণ প্রজন্ম ও মানবসম্পদ উন্নয়নে সরকার এবং ইউজিসির বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিগগিরই সরকারি সহযোগিতায় আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করা, বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য হ্রাস, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা অর্জন ও উদ্যোক্তা মানসিকতা তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং তরুণরাই হবে আগামী দিনের গেমচেঞ্জার।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভায়ক ও সহকারী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version