Connect with us

top3

বোর্ড অব পিসের আড়ালে গাজায় মার্কিন ঘাঁটি নির্মাণের নথি ফাঁস!

Published

on

গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের আড়ালে বিশাল এক সামরিক ঘাঁটি নির্মাণের গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা নথির বরাতে জানা গেছে, প্রায় ৩৫০ একর জায়গাজুড়ে এই ঘাঁটিটি নির্মাণ করা হবে। এটি মূলত ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’র (আইএসএফ) প্রধান অপারেশনাল সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, যেখানে প্রায় ৫ হাজার সেনাসদস্যের থাকার ব্যবস্থা থাকবে। ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই শান্তি পরিষদই মূলত গাজা শাসন ও এই ঘাঁটি পরিচালনার দায়িত্বে থাকবে।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকায় ধাপে ধাপে এই সামরিক আউটপোস্ট গড়ে তোলা হবে। পুরো এলাকাটি কাঁটাতারের বেড়ায় ঘেরা থাকবে এবং নিরাপত্তার জন্য ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার বসানো হবে। এছাড়া ঘাঁটির ভেতরে ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, সামরিক সরঞ্জামের গুদাম এবং উন্নত বায়ু চলাচল সুবিধাযুক্ত বিশেষ বাঙ্কার তৈরির পরিকল্পনা রয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে মাটির নিচে হামাসের সুড়ঙ্গ শনাক্ত করতে বিশেষ ভূ-তাত্ত্বিক জরিপ চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে নথিতে।

এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শান্তি পরিষদের প্রথম বৈঠকে ১০ বিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইন্দোনেশিয়া ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় অঙ্কের অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপের প্রভাবশালী দেশগুলো অংশ নেয়নি। অনেক বিশ্লেষক মনে করছেন, শান্তি পরিষদ মূলত একটি আইনি আবরণ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র গাজায় নিজের আধিপত্য নিশ্চিত করতে চাইছে।

গাজায় এই ঘাঁটি নির্মাণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে মাটির নিচে থাকা হামাসের সুড়ঙ্গ পথ এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মরদেহ। নথিতে ঠিকাদারদের মাটি পরীক্ষার মাধ্যমে সুড়ঙ্গ শনাক্ত করার এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেলে বিশেষ প্রটোকল অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয়দের অনুমতি ছাড়া এমন সামরিক স্থাপনা নির্মাণকে ‘দখলদারিত্ব’ হিসেবে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ।

গাজার এই নির্ধারিত জমিতে বর্তমানে ইসরায়েলি নিয়ন্ত্রণ থাকলেও সেখানে সামরিক ঘাঁটি নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। ফিলিস্তিনি বংশোদ্ভূত আইনজীবী ডায়ানা বুট্টু একে ‘দখলদারিত্ব’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় কোনো মার্কিন সেনা সরাসরি মোতায়েন করা হবে না। তবে ফাঁস হওয়া নথির বিষয়ে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

Published

on

By

গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ- এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

এ্যানি চৌধুরী বলেন, যেখানে না ভোট হয়েছে, যেটায় না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। নির্ধারিত হবে না যেটা, সেটা কিভাবে হবে, যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা সেখানে নির্ধারিত হবে- এসব ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার।

যারা মব করছেন সেখান থেকে সরে আসাটাই উচিত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো: এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Continue Reading

top3

শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ

Published

on

By

বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়ে থাকাকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়।

পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। সে সময় বিএনপি’র কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’

পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং স্লোগান দেওয়ার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

Continue Reading

top3

চলতি মাসেই বাজারে আসছে আইফোনের নতুন মডেল, দাম কত?

Published

on

By

অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববাজারে খুব শিগগিরই উন্মোচিত হতে পারে এই মডেলটি। ব্লমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন মডেলটির উন্মোচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সাধারণত বছরের শুরুতে কম দামের আইফোন বাজারে আনে অ্যাপল। গত বছর ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল ‘আইফোন ১৬ই’। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসে নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা প্রবল।

জানা গেছে, আইফোন ১৭ই–এর প্রধান আকর্ষণ হবে এর উন্নত হার্ডওয়্যার। এতে ব্যবহৃত হতে পারে সর্বাধুনিক এ১৯ চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করবে। ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবার যুক্ত হতে পারে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা আগের মডেলে ছিল না।

গারম্যান আরও জানিয়েছেন, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহার করা হবে, যা নেটওয়ার্ক সংযোগের মান উন্নত করবে।

দামের দিক থেকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগের মডেলের মতোই নতুন আইফোনের দাম প্রায় ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইন বিষয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আগের মডেলে নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ত বছর হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছরের শুরু হলেও বছরজুড়ে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ওএলইডি ডিসপ্লেসংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ারের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও পাইপলাইনে রয়েছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Continue Reading

Trending