Connect with us

সর্বশেষ

রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, জনমনে আতঙ্ক

Published

on

রাজশাহী অঞ্চলে অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হামে আক্রান্ত চার শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন মারা গেছে। বেঁচে থাকা শিশু জান্নাতুল মাওয়াকে শনিবার বিকেলে আইসিইউতে ভর্তি করা হয়েছে। একই দিনে আরও তিন শিশুকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মাসে রামেক হাসপাতালে হামে আক্রান্ত অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসিইউতে নেওয়ার পরও ৯ জনকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া আইসিইউর অপেক্ষায় থেকেও কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানায়, হাম ইতোমধ্যে রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ১৮ মার্চ ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা মোটের ওপর প্রায় ২৯ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় সংক্রমণ বেশি।

১ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে হামে আক্রান্ত ৮৪ জন শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে আইসিইউতে নেওয়ার পরও ৯ জন এবং অপেক্ষায় থাকা অবস্থায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

পাবনা সদর হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত হামে আক্রান্ত ২৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে সেখানে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গত তিন মাসে চার শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ৭০ শিশু চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের কনসালট্যান্ট মাহফুজ রায়হান জানান, গত তিন মাস ধরে আলাদা ওয়ার্ডে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি মাসেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, সংক্রামক ব্যাধি হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় রোগী স্থানান্তর করা সম্ভব হয়নি। আপাতত ১০ ও ২৪ নম্বর ওয়ার্ডে আইসোলেশন কর্নার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, শনিবার বিকেল পর্যন্ত নির্ধারিত ওয়ার্ডে কার্যকর আইসোলেশন ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি। অনেক ক্ষেত্রে একই ওয়ার্ডে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা সংক্রমণ ঝুঁকি আরও বাড়াচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরই অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক অভিভাবক জানান, নিউমোনিয়া ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দেয়।

চিকিৎসকদের মতে, টিকাদান কার্যক্রমে ঘাটতিও সংক্রমণ বৃদ্ধির একটি কারণ। অনেক শিশুর টিকা কার্ডে নির্ধারিত সময়ের হামের টিকার তথ্য পাওয়া যাচ্ছে না। আবার ৯ মাস বয়সের আগেই অনেক শিশু আক্রান্ত হচ্ছে। দ্রুত আইসিইউ সুবিধা বৃদ্ধি, কার্যকর আইসোলেশন ব্যবস্থা এবং টিকাদান জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান বলেন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। আক্রান্তদের আলাদা করে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য সংগ্রহ করে শিগগিরই হালনাগাদ চিত্র জানানো হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ইউট্যাবের শুভেচ্ছা

Published

on

By

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সেনানিবাসে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি সফলভাবে বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনা করে।

শহীদ জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মিথ্যা মামলা, নির্যাতন এবং হয়রানি চালানোর কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়াও দীর্ঘ আওয়ামী স্বৈরাচারী শাসন ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও অসন্তোষ তীব্র রূপ ধারণ করে বলেও বলা হয় এতে।

বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের কথা তুলে ধরে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এতে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে খালেদা জিয়া কারামুক্ত হন এবং পরবর্তী সময়ে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকেও তিনি অব্যাহতি পান।

বিবৃতির শেষাংশে, গণতন্ত্র, দেশপ্রেম ও অধিকার আদায়ের দীর্ঘ ঐতিহাসিক পথপরিক্রমায় দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশের সাধারণ জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ইউট্যাব ইবি শাখা।

Continue Reading

ফিচার

রান্নাঘরের ‘কাটাকুটি’র অবসান, কুবি মেসজীবনে নতুন স্বস্তি

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি

বিশ্ববিদ্যালয়ের সারাদিনের ক্লাস, মিডটার্ম, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের ব্যস্ততা পেরিয়ে বৃষ্টি কিংবা তপ্ত রোদে ক্লান্ত শরীরে যখন একজন শিক্ষার্থী মেসে বা হলে ফেরেন, তখন দরজার তালা খোলার আগেই মনে ভেসে ওঠে এক চিরচেনা ভাবনা, ‘এখনও রান্না বাকি!’

মেস বা ব্যাচেলর জীবনের সবচেয়ে বড় অনীহা বোধহয় এই চার দেয়ালের রান্নাঘর। তবে সবচেয়ে ক্লান্তিকর অধ্যায় অনেকের কাছেই রান্না নয়, বরং তার আগের প্রস্তুতি। বাজার করা, সবজি ধোয়া, পেঁয়াজ কাটা, আলু-গাজর কুচি করাই যে সবচেয়ে বিরক্তিকর। ক্ষুধার্ত শরীর আর ক্লান্ত মন নিয়ে এই কাজগুলো যেন প্রতিদিনের নীরব যন্ত্রণা।

কিন্তু সেই পরিচিত কষ্টেই এবার স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগ ‘কুবি MART’। রান্নার জন্য ধোয়া, বাছাই করা ও কেটে রাখা তাজা সবজি এবং কুচানো পেঁয়াজ পৌঁছে যাচ্ছে সরাসরি মেসে কিংবা হলে, তাও ডেলিভারি চার্জ ছাড়াই। এর জন্য শুধু আগেরদিন রাতে প্রি-অর্ডার করে রাখতে হবে। তাতেই পরদিন সকালে চলে যাবে প্রস্তুতকৃত প্যাকেটজাত সবজি আপনার দরজার সামনে।

রান্নাঘর থেকেই জন্ম নেয় ব্যতিক্রমী ভাবনা

এই উদ্যোগের সূচনা কোনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে নয়, বরং মেসের রান্নাঘরের বাস্তব অভিজ্ঞতা থেকে। নৃবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী বৃষ্টি ও তাঁর সহপাঠীরা প্রতিদিন দেখতেন, শিক্ষার্থীদের মূল্যবান সময়ের বড় একটি অংশ ব্যয় হয় শুধু রান্নার প্রস্তুতিতে। সেই সময় ও পরিশ্রম কমিয়ে আনতেই গত জুলাইয়ের শেষ দিকে যাত্রা শুরু করে ‘কুবি MART’।

পাঁচ টাকায় পেঁয়াজের ঝাঁজ থেকে মুক্তি

প্রতিদিন রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রি-অর্ডার নেওয়া হয়। পরদিন ভোরে তাজা সবজি সংগ্রহ করে সেগুলো ধুয়ে, পরিষ্কার করে রান্নার উপযোগী আকারে কেটে প্যাকেটজাত করা হয়।
তরকারির জন্য কিউব করা আলু-গাজর, ভাজির জন্য স্লাইস করা ঢেঁড়সসহ বিভিন্ন ধরনের প্রস্তুত সবজি পাওয়া যায়। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মাত্র ৫ টাকায় মিলছে কুচানো পেঁয়াজের প্যাকেট, যা থেকে মুক্তি মিলছে চোখে পানি আনা সেই চিরচেনা ঝামেলা থেকে।

শিক্ষার্থীদের অভিজ্ঞতায় স্বস্তির গল্প

কুবি মার্টের সেবা সম্পর্কে নিজের মেসজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদা হোসেন।

মাহমুদা বলেন, “মেসে আমরা প্রতিদিনের ঝামেলা এড়াতে সাধারণত ২-৩ দিনের রান্না একবারেই করি। সে ক্ষেত্রে এখানে এক প্যাকেটে পরিমাণ কিছুটা কম মনে হলেও, একজনের এক দিনের (তিন বেলা) খাবারের জন্য এটি একদম উপযুক্ত। সবজিগুলো ছিল খুবই পরিষ্কার, তাজা এবং প্যাকেটজাতকরণও বেশ ভালো। সবচেয়ে সুবিধার বিষয় হলো, প্রতিটি সবজি ও পেঁয়াজ কুচির নির্দিষ্ট ওজন ও দামের একটি তালিকা থাকে, যেমন ২৫ টাকার মিক্সড সবজি ও ৫ টাকার কাটা পেঁয়াজ। ফলে বাজেট অনুযায়ী খুব সহজেই প্রয়োজনীয় পণ্য বেছে নেওয়া যায়।”

ছোট উদ্যোগ, বড় স্বপ্ন

শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে এই সেবায় রাখা হয়নি কোনো ডেলিভারি চার্জ। নামমাত্র মূল্যে ক্যাম্পাস ও আশপাশের হল ও মেসগুলোতেই আপাতত সেবা দিচ্ছে ‘কুবি MART’।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্যোক্তা বৃষ্টি বলেন,
“আপাতত এটা নিয়েই আমাদের পথচলা। সবার ভালোবাসায় উদ্যোগটি ভালোভাবে এগোলে সামনে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেসজীবনের খুব সাধারণ একটি সমস্যার মানবিক সমাধান হয়ে উঠেছে এই উদ্যোগ। ‘কুবি MART’ শুধু রান্নাঘরের কাটাকুটির ঝামেলাই কমাচ্ছে না, বরং ব্যস্ত শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনে যোগ করছে বাড়তি সময়, স্বস্তি আর হাসি।

Continue Reading

ক্যাম্পাস

ববিতে আবৃত্তি আসর, বরিশাল এর উদ্যােগে বিশ্ব চিঠি দিবস উদযাপন

Published

on

By

ববি প্রতিনিধি

আবৃত্তি আসর, বরিশাল এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত হলো বিশ্ব চিঠি দিবস উপলক্ষে চিঠিপাঠ ও আবৃত্তির এক ভিন্নধর্মী আয়োজন। আজ মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবৃত্তিকারদের কন্ঠে পঠিত হয়েছে ইতিহাসের বিখ্যাত কিছু চিঠি। এছাড়াও চিঠি দিবস কেন্দ্রিক বিখ্যাত কিছু কবিতা পাঠ সহ উপস্থিত সবাই নিজেদের মধ্যে চিঠির বিনিময়ের মাধ্যমে চিঠি দিবসকে করে তুলেছে আরো বেশি উপভোগ্য ও স্মরণীয়।

আবৃত্তি আসরের সদস্য সাইফ উদ্দিন বলেন, “চিঠির মাঝে আমাদের এক নতুন সত্তা ফুটে ওঠে। বর্তমান যুগে এই প্রচলন আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। শিল্প ও সাহিত্য চর্চাকে আরো বেশি শানিত করে। আজকে উপস্থিত সবার মধ্যে পারস্পরিক চিঠি বিনিময় যেন নতুন এক সেতুবন্ধন তৈরি করেছে আমাদের মাঝে।”

আবৃত্তি আসরের সদস্য সচিব আবু সাঈদ জানান,” বর্তমান অনলাইনের যুগে চিঠি আদান-প্রদানের অভ্যাস বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস।”

আবৃত্তি আসর, বরিশাল এর এই চমকপ্রদ আয়োজন আবৃত্তিকারদের মধ্যে এক নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।

Continue Reading

Trending