Connect with us

top2

জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

Published

on

ডিজিটাল ডেস্ক

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘তারা বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।’

সচিবালয় ঘেরাও কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু বৃহস্পতিবার ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে।

জামায়াতকে ‘হঠকারী দল’ আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।

গত ৫ আগস্টের জাতীয় কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।’

তিনি আরও বলেন, ‘তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। কাজেই তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত-এনসিপিকে অন্তত ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।’

এদিকে রাষ্ট্রপতি কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ বিষয়ে জানাবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Published

on

By

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন-অত্যাচার চালিয়েছে, তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপিকে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

ভারতে বসে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল পরশুদিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, সে ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।’

দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে ফারজানা শারমিন পুতুল বলেন, এর পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবল রুটিন ওয়ার্ক।

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Continue Reading

top2

নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব

Published

on

By

স্পোর্টস ডেস্ক

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। একই সঙ্গে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই দেশে ফিরে আদালতের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করতে চান। নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি আনন্দের সঙ্গেই দেশে ফিরবেন বলেও জানান।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি জানিয়ে তিনি দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। এরপর আর দেশে ফেরেননি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন এই ক্রিকেটার।

দেশে ফেরার বিষয়ে সাকিব বলেন, সরকার যদি তাকে জানায় যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে তিনি দেশে ফিরবেন এবং প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। তিনি আরও বলেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

সাকিব যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান বলেও জানান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এরপর বাংলাদেশে তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে তিনি জানান, সংবাদ সম্মেলনে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন এবং এ জন্য তার কোনো অনুশোচনা নেই।

সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ পুলিশের কাছে চিঠি দিয়ে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো উত্তর পাননি।

দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন সাকিব। এ বিষয়ে মন্তব্য জানতে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading

top2

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

অলটাইম ডিজিটাল রিপোর্ট

জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয় উল্লেখ করে এ নিয়ে বিভাজনমূলক বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই কার’ এই প্রশ্নে বিভক্ত হলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না; বরং গণ-অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে রকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি, জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে।’

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক বড় পরিবর্তন অল্প সময়ের মধ্যেই সংঘটিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানও তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। তবে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের আন্দোলন, গুম, খুন, নির্যাতন ও আত্মত্যাগের ইতিহাস। তাই শুধু জুলাইয়ের ৩৬ দিন নয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলমান আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতাকেও মূল্যায়ন করতে হবে।

নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা গুম, হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেন, মীর কাসেম আলী একসময় তাকে সতর্ক করেছিলেন যে দেশে না ফিরলে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হবে। পরে তিনি নিজেও গ্রেপ্তার হন এবং তার ছেলেকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ থাকায় আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে। বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মী ও পরিবার এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলিয়াস আলীর মতো অনেকেই গুম হয়ে আর ফিরে আসেননি। এসব আত্মত্যাগের ইতিহাস বাদ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব নয়।

জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন এনে সংস্কার কার্যকর করতে হবে। সংসদে সংশোধনী পাসের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব।

গুম প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের উদ্যোগের কথাও জানান তিনি। বলেন, গুমসহ মানবতাবিরোধী অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হবে। পাশাপাশি জুলাইয়ে আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী ক, খ ও গ শ্রেণিতে সহায়তা দেওয়া এবং এখনো তালিকাভুক্ত না হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যক্তি যেমন মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে পারেন, তেমনি কোনো রাজনৈতিক দলও আইনের আওতায় আসতে পারে। তবে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তিনি। এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে মন্তব্য করেন।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো দিন যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই জাদুঘরকে তিনি ‘জীবন্ত ইতিহাস’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মকে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন সবার প্রধান দায়িত্ব।

Continue Reading

Trending