Connect with us

top3

ঢাবিতে নারীদের হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি, সংহতি সর্ব মিত্র চাকমার

Published

on

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা ক্যাম্পাসে অবাধ যাতায়াত এবং হলের বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনার দাবির প্রতি সংহতি জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি নারী শিক্ষার্থীদের ন্যায্য দাবি, নিরাপদ ক্যাম্পাস ও সমঅধিকারভিত্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

সর্ব মিত্র চাকমা বলেন, মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এখনো বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার অজুহাতে তাদের চলাচল সীমিত করা বা আবাসিক সুবিধায় বৈষম্য সৃষ্টি করা প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার অর্থ কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার বা স্বাধীনতা সংকুচিত করা নয়। বরং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ক্যাম্পাস ২৪ ঘণ্টা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ, প্রবেশযোগ্য ও অবাধ যাতায়াতের উপযোগী হয়।

বিবৃতিতে নারী শিক্ষার্থীদের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো—নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক নীতি ও বিধিনিষেধ পুনর্বিবেচনা ও সংস্কার; আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে ২৪ ঘণ্টা ক্যাম্পাসে প্রবেশ ও অবাধ যাতায়াত নিশ্চিত করা; নিরাপত্তার নামে অধিকার সীমিত না করে পর্যাপ্ত আলোকসজ্জা, নজরদারি ও জবাবদিহিমূলক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা; এবং ক্যাম্পাসকে সব শিক্ষার্থীর জন্য সমান, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জাকসু ভিপিকে নিয়ে শো-ডাউন, ছাত্রদল নেতাকে শোকজ

Published

on

By

জাবি প্রতিনিধি

সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এবং দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে মোহাম্মদ ফয়সাল হোসেন সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে মন্ত্রীকে বরণ করে নেওয়ার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে গেলে মিছিলের সামনের সারিতে অবস্থানকে কেন্দ্র করে যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের সঙ্গে সংগঠনের কয়েকজন নেতার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর ফয়সাল হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রশিদ জিতুকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে একটি শোডাউন করেন বলে শাখা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে।

তাদের দাবি, পূর্বনির্ধারিত কোনো দলীয় কর্মসূচি ছাড়াই ওই শোডাউন অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল ফয়সাল হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

Continue Reading

top3

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

Published

on

By

ডিজিটাল ডেস্ক

রাষ্ট্রসংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য হওয়া গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে চুরি করেছে। দুটি ভোটে অংশ নিলেও তারা একটি ভোট মেনে নেয়নি।

তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।

বিদেশে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সরকারের যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবেই বিদেশে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার অভিযোগ, দিল্লির সরকার এ সম্মেলনে সহায়তা করেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে আপসকামী’—এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে তাদের বৈধতা হারিয়েছে এবং সরকার একটি সাংবিধানিক সংকট তৈরি করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, জুলাইয়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা করছে।

কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হয়ে উঠবে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

Continue Reading

top3

নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিস) উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করতে ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতার প্রথম দিনে সেমিফাইনাল পর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তী সময়ে ফাইনালের তারিখ জানানো হবে।

আজকের আয়োজন নিয়ে ২০২৪-২৫ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জারিন আনান বলেন, “প্রথমবারের মতো এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার দলে ১৯ ও ২০ ব্যাচের সদস্যরা থাকায় সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, যা ছিল দারুণ অভিজ্ঞতা।”

তিনি বলেন, “অনেক সময় সিনিয়র-জুনিয়রদের মধ্যে দূরত্ব দেখা যায়, কিন্তু এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করে। আজকের আয়োজনটি সত্যিই অনেক সুন্দর ও উপভোগ্য ছিল। আশা করি, ভবিষ্যতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরও বড় ও চমৎকার আয়োজন উপহার দেবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চা নবীনদের মধ্যে ছড়িয়ে দিতে সব সময় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বদ্ধপরিকর। সেই উপলক্ষ্যে প্রতিবছর ‘ডিবেটার্স সার্চ’ আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আস-সাদী বলেন, “ডিবেটার্স সার্চের মাধ্যমে আমরা যুক্তিবাদী, চিন্তাশীল ও দক্ষ বিতার্কিক তৈরি করতে চাই। এবার প্রথমবারের মতো ট্যাব রাউন্ডের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা একাধিক বিতর্কের সুযোগ পেয়ে নিজেদের দক্ষতা আরও বিকশিত করতে পারে।”

তিনি আরও বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, নতুন বিতার্কিকরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”

Continue Reading

Trending