Connect with us

top3

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

Published

on

নিজস্ব প্রতিবেদক:

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জনে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। দুর্গতদের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

চট্টগ্রাম অঞ্চলে ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে গত এক সপ্তাহে ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার একদিনেই সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তীতে বন্যা ছড়িয়ে পড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জেও।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মোহাম্মদ আশিক (৭) ও মোহাম্মদ মিরাজ (৩)। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকা প্লাবিত হওয়ার মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ছয় জেলার পাঁচটি নদীর সাতটি পর্যবেক্ষণকেন্দ্রে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলোর মধ্যে রয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় পানি বাড়ায় নতুন করে সাময়িক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। এছাড়া চট্টগ্রামের আমবাগানে ১০৬ মিলিমিটার, রাঙামাটিতে ৯০, বান্দরবানে ৮৮ এবং কক্সবাজারে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকার জন্য ২ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন এলাকার দুর্গতদের অভিযোগ, এখনো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল ফিফা

Published

on

By

ক্রীড়া ডেস্ক:

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ম্যাচের সমতাসূচক প্রথম গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নরওয়ের দাবি, গোলের আগে বল স্পাইডারক্যামেরার ঝুলন্ত তারে লেগেছিল। সে ক্ষেত্রে খেলা থামানোর নিয়ম থাকলেও রেফারি তা করেননি।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে। নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া লম্বা কিক মাঝমাঠে যাওয়ার সময় বলটি স্পাইডারক্যামেরার তারে লাগে বলে দাবি করে নরওয়ে। ওই বল থেকেই আক্রমণ গড়ে তুলে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।

ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, বল যদি মাঠের ওপরের কোনো ঝুলন্ত বস্তু বা তারে আঘাত করে, তাহলে রেফারির খেলা থামানোর কথা। গোল হজমের পর নরওয়ের গোলরক্ষক রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ডাগআউটে থাকা কোচ স্টেলে সোলবাকেনও সহকারী রেফারির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে ম্যাচ কর্মকর্তারা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও দেখে অনেকেই দাবি করেন, বলটি সত্যিই তারে লেগেছিল। ভিএআর ঘটনাটি পর্যালোচনা করেছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

তবে ম্যাচ শেষে ফিফা জানায়, কানেক্টেড বল প্রযুক্তির (Connected Ball Technology) সেন্সরের তথ্য বিশ্লেষণে বলে কোনো অস্বাভাবিক কম্পন বা ‘হার্টবিট’ শনাক্ত হয়নি। ফলে বলটি ক্যামেরার তারে লেগেছিল বা এর গতিপথ পরিবর্তিত হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপেই এর আগে কানেক্টেড বল প্রযুক্তির সহায়তায় পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল।

Continue Reading

top3

এমপিকে তুলতে মাঝনদী থেকে ফেরি ঘাটে, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

Published

on

By

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী যান নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা-য় এ ঘটনা ঘটে।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ফেরি ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির আসার খবর আসে। পরে কর্তৃপক্ষের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। তার ভাষ্য, “এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেছিলেন। পরে ম্যানেজার তাকে নিয়ে যেতে ফেরি ঘাটে ফেরানোর নির্দেশ দেন।”

প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যান নিয়ে নলচিরার উদ্দেশে যাত্রা শুরু করে ফেরি। প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছালে ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে ফেরিতে উঠলে ফেরিটি পুনরায় নলচিরার উদ্দেশে রওনা দেয়।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি জরুরি কাজে হাতিয়া যাওয়ার প্রয়োজন ছিল বলেই তাকে ফেরিতে যেতে হয়েছে। তিনি দাবি করেন, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার প্রায় ২০ মিনিট পর এমপিকে নেওয়ার জন্য সেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়ায় ফেরি সার্ভিস চালুর পর এ ধরনের ঘটনা এই প্রথম বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে মাঝনদী থেকে ফেরি ফিরে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী বলেন, একজন জনপ্রতিনিধির সুবিধার জন্য শতাধিক যাত্রীকে দুর্ভোগে ফেলা গ্রহণযোগ্য নয়। তাদের অভিযোগ, এটি ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ।

Continue Reading

top3

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

Published

on

By

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের গ্রুপ পর্ব স্বাচ্ছন্দ্যে পার করলেও নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারানোর পর শেষ ১৬-তে মিসরের বিপক্ষেও নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, মিসরের বিপক্ষে জয় পাওয়া দলটির ওপরই তার আস্থা রয়েছে। তবে প্রতিপক্ষের ধরন ও ম্যাচের কৌশল বিবেচনায় শুরুর একাদশে এক বা দুটি পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

স্কালোনি বলেন, “আমরা একই একাদশ নিয়ে অনুশীলন করেছি। সেই দল নিয়েই খেললে অবাক হওয়ার কিছু নেই। তবে ছোটখাটো পরিবর্তন হতে পারে। মূলত গত ম্যাচের কাছাকাছি একটি দল নিয়েই আমরা মাঠে নামতে চাই।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা গঞ্জালো মন্টিয়েলকে শুরু থেকেই খেলানো হতে পারে। এছাড়া মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকো গঞ্জালেসকে দেখা যেতে পারে।

অন্যদিকে, মিসরের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়া জুলিয়ান আলভারেজই সুইজারল্যান্ডের বিপক্ষেও লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকো গঞ্জালেস, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

Continue Reading

Trending