Connect with us

top1

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে মুসাব্বির হত্যা!

Published

on

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জিনাত, বিল্লাল ও রিয়াজ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে জিনাত শুটার আর বিল্লাল মূল পরিকল্পনাকারী। রিয়াজ তাদের সহযোগী। মোটরসাইকেল কিনে দেওয়ার প্রলোভন, গ্রেপ্তার হলেও দ্রুত জামিনের নিশ্চয়তা এবং বিপুল অংকের টাকার লোভ দেখিয়ে মুসাব্বিরকে হত্যার জন্য প্রধান শুটার জিনাতকে ভাড়া করে বিল্লাল। সে-ই হত্যাকাণ্ড বাস্তবায়নের পুরো প্রক্রিয়া সমন্বয় করে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি পক্ষের সঙ্গে মুসাব্বিরের বিরোধ চলছিল। এ ছাড়া ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ সময় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত বৃহস্পতিবার মুসাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুসাব্বির একাধিক মামলার আসামি হন এবং দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি আবার দলীয় রাজনীতিতে সক্রিয় হন। সাম্প্রতিক সময়ে এলাকায় তার রাজনৈতিক তৎপরতা বেড়েছিল বলে স্থানীয়দের ভাষ্য।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিল্লাল এসি মেকানিক হিসেবে কাজ করলেও সে অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত এবং মাদক কারবারে জড়িত। মুসাব্বিরকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সে জিনাতকে নানা প্রস্তাব দেয়। জিনাত অনেকদিন ধরেই বেকার বসে ছিল। বিল্লাল তার কাছে গিয়ে জানায়, একটি ‘বড় কাজ’ আছে। সেটা করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে এবং তাকে একটি মোটরসাইকেলও কিনে দেওয়া হবে। এরপর ‘বড় কাজ’ অর্থাৎ হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানানোর পর বলা হয়, ঘটনার পর তার পালিয়ে যাওয়ার ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়টি দেখা হবে। এরপরও কোনো কারণে গ্রেপ্তার হলে দ্রুত জামিনের মাধ্যমে তাকে বের করে আনা হবে। এসব প্রস্তাব দেওয়ার পর শুটার জিনাত হত্যা করতে রাজি হয়।

ডিবির একাধিক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পরপরই গোয়েন্দা ইউনিটের একাধিক টিম হত্যাকারীদের শনাক্তে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরপর গাজীপুরের বোর্ড বাজার থেকে জিনাতকে এবং মানিকগঞ্জ থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রিয়াজ নামে তাদের আরেক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত আরেক শুটার এবং আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে খুনের কারণ এবং কাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে, সে সম্পর্কে জানা যায়নি। আটকদের জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বের হবে। এ ছাড়া যারা পলাতক আছে তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কারণ এবং মাস্টারমাইন্ডদের সম্পর্কে জানা যাবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা

Published

on

By

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে অন্য দেশে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। আসন্ন ইসরায়েলি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

বেন গাভিরের প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরেই গাজা থেকে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। পরবর্তী ছয় বছরের মধ্যে অঞ্চলটির বাকি বাসিন্দাদেরও স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন দেশ গাজাবাসীদের গ্রহণ করতে প্রস্তুত—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

তার দল ‘জুইশ পাওয়ার’ আগামী সরকার গঠিত হলে ‘অভিবাসনবিষয়ক নতুন মন্ত্রণালয়’ গঠনের দাবি জানাবে বলেও জানান বেন গাভির। তার দাবি, প্রায় দেড় বছর গবেষণার পর ২০ পৃষ্ঠার পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। নথিটির নাম দেওয়া হয়েছে ‘গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় অভিবাসনের জাতীয় কর্মপরিকল্পনা’।

তবে ‘স্বেচ্ছায়’ অভিবাসনের কথা বলা হলেও পরিকল্পনাটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ভূখণ্ডের বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিষিদ্ধ।

বেন গাভিরের বক্তব্যের কয়েক দিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন। তার দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে ইসরায়েল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার প্রায় ২০ লাখ বাসিন্দাকে সরিয়ে অঞ্চলটি পুনর্গঠনের একটি প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে অক্টোবরের ইসরায়েলি সাধারণ নির্বাচন সামনে রেখে বেন গাভিরের এমন বক্তব্যকে চরম ডানপন্থী ও জাতীয়তাবাদী ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজার একটি সামরিক অবস্থান পরিদর্শন করে জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে তারা সরে যাবে না। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজার প্রায় ৬৫ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Continue Reading

top1

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ট্যাংক-বুলডোজার নিয়ে অনুপ্রবেশ

Published

on

By

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি ট্যাংক ও বুলডোজার নিয়ে স্থলপথে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ড্রোনের উপস্থিতি ও শব্দ বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার মানসুরি শহর লক্ষ্য করে ইসরায়েলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়। পরে একটি মেরকাভা ট্যাংক ও একটি ডি-৯ বুলডোজার শহরটিতে প্রবেশ করে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় ইসরায়েলি সামরিক যানকে ফাঁদ পাতা কন্টেইনার পরিবহন করতেও দেখা গেছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ গভর্নরেটের হাসবায়া জেলার হালতা ফার্ম এলাকায়ও প্রবেশ করে। সেখানে কয়েকটি বাড়ি ঘেরাও করা এবং কিছু বাসিন্দাকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া আজিয়াহ-মানসুরি সড়কে একটি ইসরায়েলি ড্রোন থেকে দুটি শব্দ বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে হাদাথা ও ওয়াদি বারাচিত এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরে টায়ার এলাকার আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Continue Reading

top1

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় বসতে পারবেন না হকাররা

Published

on

By

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। একই সঙ্গে হকারদের সময় থাকতেই স্বেচ্ছায় ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তবে হকারদের জন্য মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, বিকেল ৪টার পর সেখানে হকাররা বসতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন যত্রতত্র বসার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়ম ও পরিচ্ছন্নতার বিষয়টি মেনেই তাদের ব্যবসা করতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচেও গাছ লাগানো হবে।
এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক।

Continue Reading

Trending