Connect with us

সর্বশেষ

নওগাঁয় পলিটেকনিক ছাত্রকে কুপিয়ে জখম

Published

on

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পূর্বশত্রুতার জেরে মো. কাওসার (১৮) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০টার দিকে খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের রাস্তায় তার ওপর এ হামলা হয়।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

আহত কাওসার নওগাঁ সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

জানা যায়, কাওসার আরজি নওগাঁ গ্রামের হাসিনা ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসের বড় ভাই-ছোট ভাইকে সম্মান করা নিয়ে সহপাঠীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন আনুমানিক সাড়ে ১০টার দিকে খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের রাস্তায় তাকে ও তার বড় ভাই মো. সিদরাতুল মুনতাহা সানকে ঘিরে ধরে অভিযুক্তরা। এ সময় তারা লাঠি, লোহার রড, হাঁসুয়া, চাকু, ছোরা ও বড় ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা দুজনকে মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো বড় ছুরি দিয়ে মো. কাওসারের পেটে আঘাত করে। এতে তার পেটের বাঁ পাশে গুরুতর জখম হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বড় ভাই সানকেও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কাওসারের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানায়, এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

Published

on

By

পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের একটি সাততলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সোমবার বিকেল পাঁচটার দিকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানির সংকট, সরু গলি ও প্রচণ্ড ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এর ১৮ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিকভাবে তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বৃদ্ধির মুখে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়।

অগ্নিনির্বাপণ কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাত ১০টার দিকে জানান, ভবনটির ষষ্ঠ তলায় বাণিজ্যিক পণ্যের বেশ কয়েকটি গুদাম রয়েছে। প্রতিটি গুদাম তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের তালা ভেঙে ভেতরে ঢুকতে হচ্ছে। ফলে ভেতরে পানি ছিটানো ও আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হচ্ছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের অপর কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, পুরান ঢাকার অত্যন্ত সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে পারছে না। একই সঙ্গে এলাকায় তীব্র পানির সংকট এবং অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরও ইউনিট যুক্ত করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের ডিসেম্বরেও চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল

Continue Reading

top1

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

Published

on

By

ডিজিটাল ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের বিজনরে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মসজিদের মাইকও জব্দ করা হয়েছে। আজানের শব্দ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হওয়ায় জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার নিজে থেকেই এই ব্যবস্থা নেন। পরে মুয়াজ্জিনকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (১২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অনুমতি ছাড়া লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। গত শনিবার নাজিবাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলার ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপার (এসপি) উচ্চস্বরে আজানের শব্দ শুনে এই পদক্ষেপ নেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে এ সময় এক বিট কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে জেলার সব থানাকে ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে চলছে কি না, সে বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই গত শনিবার ‘সমাধান দিবস’ নামের অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মহল্লা মাকবারা এলাকা দিয়ে যাওয়ার সময় তারা মসজিদ থেকে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজান শুনতে পান। এরপর পুলিশ সুপার কোতোয়ালি থানার পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।

উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়। শান্তিভঙ্গের অভিযোগেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে একজন উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। বিজনরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক অনুমোদিত শব্দসীমার মধ্যে চলছে এ মর্মে বিট কনস্টেবলদের মাধ্যমে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এই নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরে ধর্মীয় উপাসনালয়গুলোর মাইকের বিরুদ্ধে জেলাজুড়ে অভিযান চালিয়েছিল পুলিশ। ওই অভিযানে মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি মাইক সরানো হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও যেসব মাইক রয়েছে, সেগুলো যেন নির্ধারিত শব্দসীমার মধ্যে ব্যবহার করা হয় সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও আদালতের নির্দেশনা কার্যকর করতে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ধর্মীয় উপাসনালয়ে নির্ধারিত শব্দসীমার বেশি শব্দে মাইক চালাতে দেওয়া হবে না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় এসব নির্দেশনা কার্যকর করতে।

Continue Reading

ক্যাম্পাস

বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপ খুঁজতে শাবিপ্রবি ছাত্রদল নেতার এআই প্ল্যাটফর্ম

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদনের যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় নথি তৈরির প্রক্রিয়া সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ওয়েব প্ল্যাটফর্ম ‘স্কলারভাই ডটকম’ তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান। প্ল্যাটফর্মটিতে শিক্ষার্থীরা বিনামূল্যে বিভিন্ন সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

রাহাত জামান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্ল্যাটফর্মটি তৈরিতে তাঁর সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান ও সংগঠনটির কর্মী ফরিদুল রেজা সাগর।

উদ্যোক্তারা জানান, প্রচলিত স্কলারশিপের তথ্যভান্ডারের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করলে এআই প্রযুক্তি প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে একটি প্রোফাইল তৈরি করবে। পরে ওই প্রোফাইলের সঙ্গে বিভিন্ন স্কলারশিপের শর্ত মিলিয়ে শিক্ষার্থীর উপযোগিতা যাচাই করা যাবে।

প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, পড়াশোনায় বিরতি এবং ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় যুক্ত করা হয়েছে। কোনো স্কলারশিপের জন্য শিক্ষার্থীর প্রোফাইলে ঘাটতি থাকলে তা পূরণে প্রয়োজনীয় পরামর্শও দেবে এআই ব্যবস্থা।

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নথি প্রস্তুতের সুবিধাও রাখা হয়েছে প্ল্যাটফর্মটিতে। এর ‘ডকুমেন্ট ওয়ার্কস্পেস’ সুবিধায় প্রতিটি আবেদনের জন্য আলাদা নথি ব্যবস্থাপনা করা যাবে। এ ছাড়া এআইয়ের সাহায্যে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম অনুযায়ী সিভি পরিমার্জনের সুযোগ রয়েছে। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কাভার লেটারের খসড়া পর্যালোচনা করে সেগুলোর মানোন্নয়নে পরামর্শ দেবে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’ সুবিধা।

উদ্যোক্তাদের ভাষ্য, প্ল্যাটফর্মটির ‘এআই প্রফেসর আউটরিচ’ সুবিধার মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিলে তাঁর সাম্প্রতিক গবেষণার বিষয় খুঁজে বের করে তথ্যসূত্রসহ পেশাদার ই-মেইলের খসড়া তৈরি করা যাবে। পাশাপাশি স্কলারশিপভিত্তিক আবেদন নির্দেশিকা ও কমিউনিটি ফোরামের মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পাবেন।

উদ্যোগের বিষয়ে রাহাত জামান বলেন, “শিক্ষার্থীদের অধিকার আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। চীন সফর শেষে দেশে ফিরেই বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম করার ইচ্ছা ছিল। গত তিন মাস ধরে ওয়েবসাইটটি তৈরির কাজ করেছি।”

তিনি বলেন, শাবিপ্রবি ক্যাম্পাস থেকে এমন একটি বৈশ্বিক শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

রাহাত জামান আরও বলেন, শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়েবসাইটে প্রবেশ করে সেবাগুলো নিতে পারবেন। তবে একটি জিমেইল আইডি দিয়ে একবারই লগইন করা যাবে। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহে একটি বিনামূল্যের সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন।

প্ল্যাটফর্মটির কারিগরি দিক তুলে ধরে উদ্যোক্তা দলের সদস্য ফরিদুল রেজা সাগর বলেন, একজন শিক্ষার্থী হিসেবে তাঁরা বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপ খোঁজা, আবেদনের সঠিক নির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় নথি ব্যবস্থাপনার জটিলতা উপলব্ধি করেছেন। বিশেষ করে একাধিক স্কলারশিপে আবেদনের সময়সীমা মনে রাখা এবং এআই ব্যবহারের ক্ষেত্রে বারবার ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ।

তিনি বলেন, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই দ্রুত সম্প্রসারণযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেয়ে বিদেশে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া আরও সহজে সম্পন্ন করতে পারবেন বলে তাঁরা আশা করছেন।

Continue Reading

Trending