Connect with us

রাজনীতি

বিকালে বঙ্গভবন যাচ্ছে জামায়াতের প্রতিনিধি

Published

on

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগে প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ জনাব সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবেন। সেখানে তারা এ ঘটনার প্রতিবাদ জানানোসহ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে দলটি।

জামায়াতের দাবি, বঙ্গভবনের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেইলের মাধ্যমে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারীবিদ্বেষমূলক একটি পোস্ট দেয়া হয়, যা দলটির ভাষায় ডা. শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব, ইনশা আল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব।’

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ৬ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে পোরশায় এ পদযাত্রার আয়োজন করা হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা চিল্লাচিল্লি করতেছে, এত গরম দেখায়েন না। আমরা যদি গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন? আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। তবে কেউ যদি সীমা ছাড়িয়ে যায়, কীভাবে টেনে নামাতে হয়, তা আমাদের জানা আছে।’

তিনি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকার কার্যকরভাবে দাঁড়াতে পারেনি। দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবেশী ভারতের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে।
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Continue Reading

top3

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেব না: নাহিদ ইসলাম

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। অতীতে এ বাঁধ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি অর্থবছরেও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বাজেটের একটি টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না।

তিনি জানান, সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হবে।

চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, পুরো দেশের মানুষ চট্টগ্রামবাসীর দুর্দশা নিয়ে উদ্বিগ্ন। তিনি সারা দেশের সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সরকারের অবহেলা বা অন্য যেকোনো কারণেই হোক, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় দোষারোপ না করে দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Continue Reading

top1

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

Published

on

By

ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে শেখ হাসিনার আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন। ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। এসব মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি।

Continue Reading

Trending