Connect with us

ক্যাম্পাস

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Published

on

আনাস মাহমুদ-বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI)-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থী উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং RCCI -এর সভাপতি এমদাদুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাঁর বক্তব্যে একাডেমি ও ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা এখন সময়ের দাবি। তিনি বলেন, রংপুর চেম্বারের সঙ্গে এই সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দিন, সহকারী অধ্যাপক ফাহিমুল কাদের সিদ্দিকী, সহকারী অধ্যাপক শরীফা আক্তার নিপা, প্রভাষক মোঃ সোবহান আলী, বিভাগের শিক্ষার্থীবৃন্দ, RCCI -এর পরিচালক রশিদুল সুলতান বাবলু, পরিচালক কামাল হোসেন, ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ জানায়, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে এবং শিক্ষার্থীরা পেশাগত ক্ষেত্রে নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করার সুযোগ পাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ববিতে ফৌজদারি মামলার বিচারিক পূর্ব কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Published

on

By

মাফিদুল হাসান, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘Talk on Pre-trial Proceedings of Criminal Cases in Context of Bangladesh’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আইন বিভাগের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। আইন ও বিচারব্যবস্থাকে রাষ্ট্রের দর্পণ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা একটি রাষ্ট্রের নিরাপত্তা, ঐক্য ও স্থিতিশীলতার প্রধান ভিত্তি। সামাজিক সমঝোতার পথ বন্ধ হয়ে গেলে মানুষ আদালতের দ্বারস্থ হয়, তাই তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের সঠিক বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করা জরুরি।” তিনি শিক্ষার্থীদের প্রতি ভবিষ্যৎ পেশাজীবনে সত্য, ন্যায়বিচার এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

সেমিনারে মূল বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বাংলাদেশের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় প্রি-ট্রায়াল বা বিচারিক পূর্ব কার্যক্রমের গুরুত্ব, আইনি পদ্ধতি, বিদ্যমান নানা চ্যালেঞ্জ এবং বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও ন্যায়সংগত করার বিভিন্ন প্রয়োগিক দিক তুলে ধরেন।

আইন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন ড. সারদার কায়সার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রভাষক মোঃ ছোটন আলী। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন।

বক্তারা উল্লেখ করেন, এ ধরনের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক আলোচনা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি দেশের বিচারব্যবস্থার বাস্তব প্রেক্ষাপট ও প্রয়োগ বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Continue Reading

top3

সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল ‘ইউজিসি বৃত্তি’

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যাচভিত্তিক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফলাফল এবং ইউজিসি বৃত্তির মনোনীত তালিকা ঘিরে দেখা দিয়েছে চরম জটলা ও অসন্তোষ। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার বলি হয়েছে এক মেধাবী শিক্ষার্থী। যার ফলে মেধার স্বীকৃতি হিসেবে আসন্ন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয় ও বিভাগের সূত্রে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ইউজিসি বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। উক্ত তালিকায় জীববিজ্ঞান অনুষদ থেকে সর্বোচ্চ ৩.৯০ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অর্জন করে মনোনীত হন ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তবে বিপত্তি বাধে পরীক্ষার সময়সীমা ও ফলাফল প্রকাশের তারিখ নিয়ে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদ নির্ধারিত সময়সীমা (২০২৫ সালের মধ্যে) পরীক্ষা সম্পন্ন ও ফল প্রকাশ করতে পারলেও, জীববিজ্ঞান অনুষদের বিভাগীয় সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে পরীক্ষা শুরু হয় ২০২৫ সালের নভেম্বরে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৬ সালের এপ্রিল মাসে। এর আগে ইউজিসি কর্তৃক ঘোষিত নোটিশে ২০২৫ সালের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার শর্ত জুড়ে দেয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ও অনুষদের প্রশাসনিক গাফিলতি এবং দীর্ঘ সেশনজটের কারণে ফলাফল বিলম্বে প্রকাশ হওয়ায়, এখন নিয়ম বা নীতিমালার অজুহাত দেখিয়ে প্রথম স্থান অধিকারী আবদুল্লাহ আল মামুনকে বৃত্তির তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অনুষদের এই সিদ্ধান্তে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী। নিজের মেধা ও যোগ্যতাবলে অর্জিত প্রথম স্থান এবং প্রাপ্য অধিকার ফিরে পেতে ইতিমধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন বরাবর লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগপত্রে মামুন উল্লেখ করেন,
বিভাগের সেশনজট ও প্রশাসনিক বিলম্বের পেঁছনে শিক্ষার্থীর কোনো ব্যক্তিগত ত্রুটি বা অবহেলা ছিল না। সম্পূর্ণ প্রশাসনিক কারণে সৃষ্ট এই বিলম্বের খেসারত একজন শিক্ষার্থী কেন দেবে? সেশনজটের দায় পুরোপুরি অনুষদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তিনি আরও জানান, নীতিমালার অজুহাতে তাকে বাদ দিয়ে পরবর্তী অবস্থানের কাউকে সুবিধা দেওয়া হলে তা হবে স্পষ্ট মেধার অবমূল্যায়ন ও চরম অন্যায়।

শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এই বিষয়টি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উপাচার্যের (ভিসি) নিকট উপস্থাপন এবং দ্রুত প্রশাসনিক সমাধানের দাবি জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, অনুষদের নিজস্ব জটিলতার দায় শিক্ষার্থীর ওপর না চাপিয়ে দ্রুত আব্দুল্লাহ আল মামুনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, ইউজিসি প্রদত্ত নোটিশে ২০২৫ সালের মধ্যে অনার্স শেষ হওয়ার কথা বলা হয়েছে, এখানে শুধুমাত্র শিক্ষাবর্ষের কথা বলা হয়নি। সুতরাং একইভাবে আগামীতে ইউজিসি বৃত্তি দিলে তার হয়তো সুযোগ থাকতে পারে৷ তাছাড়া এটা ইউজিসির নীতিমালা। তারা যেভাবে নোটিশ করেছে ঐভাবেই আমাদের করতে হবে।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, আমি ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার আগেই এসব প্রক্রিয়া হয়েছে। এবিষয়ে উচ্চতর সিদ্ধান্তের জন্য আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে বিষয়টি নোটিশ আকারে পাঠাবো। উনারা যে সিদ্ধান্ত দিবেন ঐটাই চূড়ান্ত হবে।

Continue Reading

top3

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেয়।’ এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানার কথাও বলেন।

বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মাঠের উন্নয়নেও কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ, অতিরিক্ত পরিচালক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মো. মাসুম বিল্লাহ এবং সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সুদীপ জ্যোতি এষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের ‘মিম কনটেস্ট’ এর বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। কনটেস্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১ হাজার ৫শ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫শ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Continue Reading

Trending