Connect with us

top3

পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : অপু

Published

on

শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু অভিযোগ করেছেন, সম্ভাব্য পরাজয় নিশ্চিত জেনে একটি নির্দিষ্ট দল ও গোষ্ঠী নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থন দেখে একটি মহল দিশেহারা হয়ে পড়েছে। তারা অপপ্রচার, বিভ্রান্তি ও ভয়-ভীতি ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এখন পরিবর্তন চায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। জনগণ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।

প্রতিবন্ধী জনগোষ্ঠী প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, দেশে বসবাসরত সব ধরনের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে চিকিৎসা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য বিশেষ ব্যবস্থার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সহানুভূতির চোখে নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে বিবেচনা করা হবে। উন্নত চিকিৎসা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনার কথাও জানান তিনি।

অপু বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব-যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

এর আগে সকালে তার নিজ বাসভবনে একটি রাজনৈতিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান বোরহান মাতবর (ভিপি বোরহান)-এর নেতৃত্বে শিধলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী বিএনপি প্রার্থী অপুর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেন।

নবাগত নেতাকর্মীরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ রক্ষার প্রত্যাশা থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে অপু নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, রাজনীতিতে বিভাজন নয়, এখন সময় ঐক্যের। জনগণের কল্যাণ ও এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দুপুর ১২টায় নলমুরি ইউনিয়নের হাটুরীয়া বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী কৌশল নির্ধারণ, প্রচার জোরদার, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় নুরুদ্দিন অপু বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। আমরা চাই মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারুক। তিনি প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম. মহিতুল গনী মিন্টু সর্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট, খবর শুনে মায়ের মৃত্যু

Published

on

By

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মাসুদ রানা ওরফে মজিদ। এ ঘটনায় তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছেলের ওপর হামলার খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা মাজেদা বেগম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দাঁড়িপাল্লার পক্ষে ভোট কেনার অভিযোগে দুইজনকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে ওই খবর ছড়িয়ে পড়লে রাত গভীর হলে অর্ধশতাধিক মোটরসাইকেলে করে জামায়াতের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়।

হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আশপাশের কয়েকটি বাড়িতেও আক্রমণ চালানো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মাসুদ রানার চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ছেলের একটি চোখ নষ্ট হয়ে গেছে—এমন খবর শোনার পরপরই আতঙ্কে মাজেদা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ঘটনার পর মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ করেন। তবে পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Continue Reading

top3

নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত নগদ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছুটির সময় ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনী ছুটির মধ্যেও বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সেবা চালু থাকবে। তবে এ সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার (আইবিএফটি) সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচনকালে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সীমিত থাকবে।

এছাড়া ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন নজরে এলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Continue Reading

top3

প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, জনতার হাতে আটক

Published

on

By

‘ভোট চাইতে’ রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, ধরলো জনতা
যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়াত নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা।

আটক সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি বাগআঁচড়া ২নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।

তবে সাব্বির হোসেনের দাবি তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন।

জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাব্বির হোসেনকে ওই নারীর কক্ষ থেকে আপত্তিকার অবস্থায় আটক করা হয়। পরে তাদের দুইজনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে এসে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। তারই সূত্রে ধরে রাতে ওই নারীর কক্ষে যান। বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হলে কয়েকজন মিলে ভেতরে প্রবেশ করলে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ ব্যাপারে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের নেতা নন, তিনি জামায়াতের কর্মী। নির্বাচনের সময় একটি মহল এই ঘটনা নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে তার স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Trending