মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ফিচার

সকালের ছোট যে ১০ অভ্যাসে বদলে যেতে পারে আপনার জীবন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
সকালের ছোট যে ১০ অভ্যাসে বদলে যেতে পারে আপনার জীবন
এই দ্বারা নির্মিত তরুণীর ছবি

সকালের শুরুটা কেমন হচ্ছে, তার ওপর অনেকটাই নির্ভর করে পুরো দিনের অনুভূতি। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো, ক্লান্তি আর কাজের চাপ দিয়ে দিন শুরু হলে সারাক্ষণ অস্থিরতা কাজ করতে পারে। তবে সকালের কিছু ছোট অভ্যাসে পরিবর্তন আনলে দিনটি হতে পারে আরও সতেজ, গোছানো ও আনন্দময়।

জন্মগতভাবে কেউ মর্নিং পারসন না হলেও নিয়মিত কিছু অভ্যাসের মাধ্যমে সকালকে সুন্দর করে তোলা সম্ভব। একসঙ্গে সব অভ্যাস গড়ে তোলার প্রয়োজন নেই। ধীরে ধীরে একটি বা দুটি অভ্যাস দিয়ে শুরু করা যেতে পারে।

১. অ্যালার্মের শব্দ বদলান

কর্কশ অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভাঙলে বিরক্তি তৈরি হতে পারে। এর পরিবর্তে পছন্দের মৃদু সুর, প্রকৃতির শব্দ বা শান্ত সংগীত অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ঘুম থেকে ওঠার অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হতে পারে।

২. সকালের আলোকে স্বাগত জানান

ঘুম থেকে উঠেই জানালার পর্দা সরিয়ে দিন। সকালের প্রাকৃতিক আলো শরীরের জৈবঘড়িকে জেগে ওঠার সংকেত দেয়। এতে শরীর দ্রুত সজাগ হতে পারে এবং রাতে সময়মতো ঘুমাতেও সুবিধা হয়। সুযোগ থাকলে কয়েক মিনিট বাইরে হাঁটতে পারেন।

৩. মুখে পানি দিন

ঠান্ডা বা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিলে ঘুমঘুম ভাব কিছুটা কমতে পারে। এতে চোখ-মুখ সতেজ লাগে। যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তারা চাইলে শুধু পানি দিয়েই মুখ ধুতে পারেন।

৪. পুষ্টিকর নাশতায় দিন শুরু করুন

সকালের নাশতা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। তাই নাশতায় ডিম, দই, ওটস, পূর্ণ শস্য, ফল ও সবজি রাখতে পারেন। পাশাপাশি এক গ্লাস পানি পান করুন। চা বা কফি খেতে চাইলে সেটিও ধীরে উপভোগ করুন।

৫. শরীরকে একটু নড়াচড়া করান

সকালে কয়েক মিনিট স্ট্রেচিং করলে শরীরের জড়তা কমে। সময় থাকলে হাঁটা, হালকা দৌড়, সাইকেল চালানো বা যোগব্যায়াম করতে পারেন। নিয়মিত শারীরিক কার্যক্রম মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।

৬. ছোটখাটো কাজগুলো আগে সেরে ফেলুন

ঘুম থেকে উঠে কয়েকটি সহজ কাজ শেষ করলে দিনের শুরুটা গোছানো হয়। যেমন বিছানা গুছিয়ে রাখা, নাশতার প্লেট ধুয়ে ফেলা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা। এসব ছোট কাজ পরবর্তী সময়ের চাপও কমাতে পারে।

৭. ধ্যান করুন কিংবা ডায়েরি লিখুন

সকালের কয়েক মিনিট ধ্যান করলে মন শান্ত হতে পারে। ধ্যান ভালো না লাগলে ডায়েরি লিখতে পারেন। নিজের অনুভূতি, চিন্তা কিংবা দিনের লক্ষ্যগুলো লিখে রাখলে মানসিকভাবে প্রস্তুতি নিতে সুবিধা হয়।

৮. দিনের কাজের তালিকা তৈরি করুন

দিনজুড়ে কী কী কাজ করতে হবে, তা সকালে লিখে রাখুন। এতে গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়ার আশঙ্কা কমে এবং কোন কাজটি আগে করতে হবে, তা ঠিক করা সহজ হয়। সব কাজ এক দিনেই শেষ করার চাপ না নিয়ে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ঠিক করুন।

৯. নিজের জন্য কিছু সময় রাখুন

সকালের পুরো সময় দায়িত্ব ও কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। প্রিয় বইয়ের কয়েক পৃষ্ঠা পড়া, গান শোনা, ছবি আঁকা কিংবা কোনো সৃজনশীল কাজে কিছু সময় দিতে পারেন। এতে দিনের শুরুতে নিজের জন্যও কিছুটা সময় পাওয়া যাবে।

১০. প্রিয় মানুষদের সঙ্গে যোগাযোগ করুন

সকালে কয়েক মিনিট সময় বের করে পরিবারের সদস্য বা বন্ধুর খোঁজ নিতে পারেন। ফোনে কথা বলা, বার্তা পাঠানো কিংবা একসঙ্গে এক কাপ চা পান করার মতো ছোট মুহূর্তও সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে। পাশাপাশি মন ভালো রাখতেও সহায়তা করে।

সকালকে সুন্দর করতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। একসঙ্গে সব অভ্যাস গড়ে তোলারও দরকার নেই। প্রতিদিন একটি বা দুটি ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। ধীরে ধীরে সেগুলোই আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠতে পারে।

মনে রাখতে হবে, সুন্দর দিনের শুরু শুধু ভোরে ঘুম থেকে ওঠার ওপর নির্ভর করে না। আগের রাতের পর্যাপ্ত ঘুম, সঠিক পরিকল্পনা এবং নিজের জন্য কিছুটা সময় রাখাও গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: হেলথলাইন

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz