মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

৯১ রানে অলআউট বাংলাদেশ, তবু অবাক নন নরকিয়া

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
৯১ রানে অলআউট বাংলাদেশ, তবু অবাক নন নরকিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। অথচ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই দলই গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়ে অবাক নন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। তাঁর মতে, দুই টেস্টের উইকেট ও কন্ডিশনে যথেষ্ট পার্থক্য ছিল।

সেঞ্চুরিয়নে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নরকিয়া বলেন, আগের ম্যাচে বাংলাদেশের ৪০০ রান করার বিষয়টি মাথায় রেখে তাঁরা এবারের ম্যাচের পরিকল্পনা করেননি। দুই ম্যাচের কন্ডিশন ভিন্ন ছিল। তাই নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতেই মনোযোগ দিয়েছেন তাঁরা।

নরকিয়া বলেন, ‘সত্যি বলতে, না। আগের ম্যাচে ৪০০ রান করেছে, সেটা মাথায় রেখে আমি ভাবিনি। দুই ম্যাচের কন্ডিশন ছিল ভিন্ন। দুই দলই দীর্ঘ সিরিজ খেলে এসেছে। কী হবে, তা নিশ্চিত করে বলা কঠিন। টেস্ট ক্রিকেটে যেকোনো দলই নির্দিষ্ট দিনে বা ম্যাচে ভালো খেলতে পারে। আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে মনোযোগ দিতে হয়েছে। বোলিংয়ের সময় অফ স্টাম্পের মাথা লক্ষ্য করে বল করা আর ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেওয়াই ছিল আমাদের কাজ।’

বাংলাদেশের ইনিংসে উইকেটে বলের মুভমেন্ট থাকলেও শুরুতে খুব বেশি সুইং পাননি বলে জানান নরকিয়া। তাই যতটা সম্ভব সোজা লাইনে বল করে ব্যাটারদের খেলতে বাধ্য করাই ছিল তাঁর পরিকল্পনা। উইকেট কিছুটা ধীরগতির থাকায় শুরুতে বোলিংয়ের ছন্দ খুঁজে নেওয়ার ওপরও জোর দেন তিনি।

নরকিয়া বলেন, ‘আমার পরিকল্পনা ছিল যতটা সম্ভব সোজা লাইনে বল করা। সতীর্থদের কাছ থেকে শুনেছিলাম, বল খুব বেশি সুইং করছে না। তাই ব্যাটারদের যতটা সম্ভব খেলতে বাধ্য করতে চেয়েছি। উইকেট তখন কিছুটা ধীরগতির ছিল। তাদের সামনের পায়ে খেলতে বাধ্য করার চেষ্টা করেছি। শুরুতে নিজের ছন্দ খুঁজে নেওয়াই ছিল মূল লক্ষ্য। পরিকল্পনাটা সহজ ছিল এবং শেষ পর্যন্ত কাজে দিয়েছে।’

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয়ের ব্যাটিংও নজরে এসেছে নরকিয়ার। চা বিরতির আগে সাইমন হারমারের বলে ছক্কা হাঁকানোর পর হৃদয় যেভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করছিলেন, সেটি দক্ষিণ আফ্রিকানদের চোখে পড়েছিল। নরকিয়ার মতে, উইকেটে বলের মুভমেন্ট বুঝে হারমার ও দলের পরিকল্পনা অনুযায়ী হৃদয়ের উইকেটটি তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম। দেখা যাচ্ছিল, উইকেটে অনেক মুভমেন্ট আছে। এ কারণে সবাই দ্রুত রান তুলতে আগ্রহী ছিল। সাইমন খুব ভালো বোলিং করেছে। এক-দুটি বাউন্ডারি এলেও সে অনেক সুযোগ তৈরি করেছে। এমন উইকেটে এভাবে খেলতে গেলে, বিশেষ করে এই মুহূর্তে, যেকোনো একটি বলেই আউট হতে পারেন। আমরা যখন বিষয়টি বুঝতে পেরেছি, সাইমন কৌশলগতভাবে ভালো বোলিং করেছে এবং ওই উইকেট পাওয়ার জন্য ফিল্ডিংও দারুণভাবে সাজানো হয়েছিল।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz