মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সাহিত্য ও গল্প

অনির্বাণ জ্ঞানশিখা: সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল

লেখক: সাখাওয়াত হোসেন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ · ৫ মিনিটে পড়ুন
অনির্বাণ জ্ঞানশিখা: সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত 'সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল। ছবি: লেখকের সৌজন্যে

ভোরের প্রথম আলো যেমন অন্ধকারের বুক চিরে নতুন দিনের বার্তা নিয়ে আসে, ঠিক তেমনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দক্ষিণ সুরমার জনপদে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের মশাল জ্বালিয়ে রেখেছে এক অনন্য বিদ্যাপীঠ। একটি জাতির সর্বাঙ্গীন উন্নয়ন, মেধা বিকাশ ও প্রগতির মূল চালিকাশক্তি হলো মানসম্মত শিক্ষা, আর সেই আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যুগোপযোগী ও সুশৃঙ্খল বিদ্যাপীঠের ভূমিকা অনস্বীকার্য। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত 'সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল (EIIN-১৩০৪৭৭)' অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ২০০৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত দেশসেরা ৩১৫টি মডেল স্কুলের একটি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নৈতিকতা চর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

শহরের যান্ত্রিক কোলাহলমুক্ত এক ছায়াঘেরা, সবুজ ও নান্দনিক ক্যাম্পাসে অবস্থিত এই বিদ্যালয়টি ভৌত অবকাঠামো ও ভূমির মালিকানার দিক থেকে যেকোনো প্রথম সারির আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের সমকক্ষ। বিদ্যালয়টির নিজস্ব মালিকানায় ও দখলে রয়েছে দুই একরের অধিক সম্পূর্ণ নিষ্কণ্টক ভূমি, চারটি সুদৃশ্য পাকা ভবন ও সুপ্রশস্ত খেলার মাঠ। নান্দনিক এই ক্যাম্পাসের ভবনগুলোতে মোট ২২টি কক্ষ রয়েছে, যার মধ্যে ১১টি প্রশস্ত ও আলোকিত শ্রেণিকক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পৃথক কক্ষ, শিক্ষক কমন রুম, ছাত্রীদের জন্য নির্ধারিত কমন রুম, নামাজের কক্ষ এবং গেস্ট রুম অন্তর্ভুক্ত। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ আধুনিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকায় এখানে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ সুপেয় পানি, আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প ব্যবস্থাও সক্রিয় রয়েছে।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও বিদ্যালয়টি সিলেট অঞ্চলে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। প্রথাগত পাঠদানের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও আনন্দদায়ক শিক্ষা নিশ্চিত করতে এখানে রয়েছে সুসজ্জিত স্মার্ট ক্লাসরুম এবং নিয়মিত পরিচালিত ৫টি মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়টিতে 'মডেল প্রকল্পের ল্যাব', 'আইসিটি ডিজিটাল ল্যাব' এবং 'আইসিটি ই-লার্নিং সেন্টার' নামে তিনটি বিশেষায়িত কম্পিউটার ল্যাব কার্যকর রয়েছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৬৭টি ল্যাপটপ ও কম্পিউটার সচল রয়েছে। এছাড়া পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তবুদ্ধির চর্চা ও পঠন অভ্যাস বাড়াতে এখানে গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইয়ে সমৃদ্ধ একটি সুসজ্জিত গ্রন্থাগার এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি বিজ্ঞানাগার রয়েছে।

একটি আদর্শ বিদ্যাপীঠের প্রাণ হলো এর শিক্ষকমণ্ডলী, আর এই জায়গাতেই সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি উজ্জ্বল। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক জেলা ও উপজেলা পর্যায়ে নিজ নিজ বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে কারিকুলামের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু দেশেই নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় অভিজ্ঞতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রিটিশ কাউন্সিলের 'কানেক্টিং ক্লাসরুম'-এর আওতায় ইংল্যান্ডে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং GIEST-এর প্রতিনিধি হিসেবে নেপালসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া আইসিটি শিক্ষক নিউজিল্যান্ড থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিজ্ঞান শিক্ষক নেপালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছেন।

দক্ষ শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে বিদ্যালয়ের একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস) অত্যন্ত প্রাণবন্ত ও ঈর্ষণীয়। পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নেতৃত্বগুণ তৈরি এবং শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এই প্রতিষ্ঠান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিজস্ব প্রশস্ত খেলার মাঠে নিয়মিত ক্রীড়া চর্চার ফলে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক পর্যায়ে অংশ নিচ্ছে। তদুপরি, শিক্ষার্থীদের যুক্তিবাদী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতা, ল্যাংগুয়েজ ক্লাব, স্কাউট ও গার্লস গাইডের মতো সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত সক্রিয়ভাবে পরিচালিত হয়। এছাড়া বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন, নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

একাডেমিক ক্ষেত্রেও বিগত পাঁচ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে—২০২২ সালে ৯৯.০৭ শতাংশ, ২০২৩ সালে ৯৪.১২ শতাংশ, ২০২৪ সালে ৮৬.৩২ শতাংশ, ২০২৫ সালে ৮২.৪২ শতাংশ এবং ২০২৬ সালে ৮২.৭৬ শতাংশ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর পূর্বে প্রায় প্রত্যেক বছরে পাশের হার ১০০% এর কাছাকাছি ছিল এবং পাঁচ বছরের গড় পাশের হার প্রায় ৯০%। শিক্ষার গুণগত মান ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টি দক্ষিণ সুরমা উপজেলা পর্যায়ে একাধিকবার 'সেরা স্কুল', 'সেরা প্রতিষ্ঠান প্রধান', 'সেরা শ্রেণি শিক্ষক' এবং 'সেরা শিক্ষার্থী' নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির গোড়াপত্তন ও সামাজিক দায়বদ্ধতার ইতিহাসও অত্যন্ত গৌরবময়। ১৯৭২ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে অত্র এলাকার শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ নিজেদের মেধা, শ্রম ও অর্থ ব্যয় করে প্রতিষ্ঠানটি গড়ে তুললেও তা নিজ নামে না করে হযরত শাহজালাল (রঃ)-এর অন্যতম সহচর হযরত সৈয়দ কুতুব ও সৈয়দ জালাল (রঃ)-এর নামে "সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল" নামকরণ করেন। এলাকার দানশীল ব্যক্তিবর্গ এখনো প্রতিষ্ঠানে শিক্ষা বিস্তারে তাদের অবদান অব্যাহত রেখেছেন এবং অর্ধশতাব্দীর অধিক সময় ধরে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এমন দানশীল ঘটনা সত্যিই বিরল। শুধুমাত্র অবকাঠামোগত ও একাডেমিক সাফল্যই নয়, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনা বেতনে অধ্যয়ন ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গভীর সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের বহু প্রাক্তন শিক্ষার্থী আজ দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশল ও গবেষণায় অত্যন্ত দক্ষতার সাথে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। কালের পরিক্রমায় যে আলো ১৯৭২ সালে এক মুঠো স্বপ্ন নিয়ে জ্বলে উঠেছিল, আজ তা শত সহস্র প্রাণে ছড়িয়ে দিচ্ছে সম্ভাবনার এক অনির্বাণ শিখা। অতীতের গৌরবময় ঐতিহ্য, নান্দনিক পরিবেশ আর আধুনিক প্রযুক্তির এক অবিচ্ছেদ্য মহাকাব্যে সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল আজও এক আলোকিত, মানবিক ও সমৃদ্ধ আগামী গড়ার দৃঢ় অঙ্গীকারে ছুটে চলেছে দুর্বার গতিতে!

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz