Connect with us

top2

সবজিতে স্বস্তি, মাংস-মশলায় অস্বস্তি: শবে বরাত ও রমজানের আগেই উত্তপ্ত বাজার

Published

on

আসন্ন পবিত্র শবে বরাত ও রমজানকে কেন্দ্র করে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহে নিম্ন ও মধ্যবিত্তের নাগালে থাকলেও, মাংস, সুগন্ধি চাল, গুঁড়ো দুধ এবং মশলার আকাশচুম্বী দাম ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, উৎসবের সুযোগ নিয়ে সিন্ডিকেট ও সরবরাহকারীরা কারসাজি করে দাম বাড়াচ্ছে।

সবজি ও আলুর বাজারে স্থিতিশীলতা

শুক্রবার (৩০ জানুয়ারি) পুরান ঢাকার নারিন্দা ও রায়সাহেব বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজার এখন অনেকটাই ক্রেতাদের নিয়ন্ত্রণে।

স্বস্তির খবর: অধিকাংশ সবজি এখন ৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে।

দরদাম: প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০–৪০ টাকা, সিম প্রতি কেজি ৩০–৫০ টাকা। এ ছাড়া মিষ্টি কুমড়া, মুলা, পেঁপে ও ব্রকলির দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে।

আলুর চমক: সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ৫-১০ টাকা কমে এখন ২০-২৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারের খুচরা বিক্রেতা কুদ্দুস জানান, সরবরাহ ভালো থাকায় সবজির দাম সহনীয়, তবে রমজানের আগাম চাহিদার কারণে কাঁচা মরিচ ও শসার দাম কিছুটা চড়া।

মাংস ও ডিমের বাজারে অস্থিরতা

সবজির স্বস্তি ম্লান হয়ে গেছে মাংসের বাজারে। জানুয়ারির শুরুতে ব্রয়লার মুরগির দাম ১৬০ টাকার ঘরে থাকলেও মাসের শেষে তা বড় লাফ দিয়েছে।

মুরগি: ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা কেজিতে।

গরুর মাংস: এলাকাভেদে প্রতি কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকা ছাড়িয়েছে।

ডিম: প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়

ক্রেতাদের দাবি, উৎসবকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে এই মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে।

গুঁড়ো দুধ ও চালের দামে বাড়তি বোঝা

প্যাকেটজাত ও আমদানিকৃত পণ্যের ক্ষেত্রেও কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিয়েছে।

সুগন্ধি চাল: কেজিতে ১৫ টাকা বেড়ে প্যাকেটজাত চিনিগুঁড়া চাল এখন ১৭৫ টাকা

শিশু খাদ্য: নেসলের ল্যাকটোজেন ও ন্যান দুধের দাম প্যাকেটপ্রতি ৫০ টাকা বেড়েছে। ২.৫ কেজির নিডো দুধের দাম ২৯৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২০০ টাকায়

চা পাতা: মানভেদে সব ধরনের চা পাতার দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে।

মশলার বাজারে ‘আগুন’

সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে মশলার বাজারে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এলাচ, কিশমিশ ও আলু বোখারার দাম দ্বিগুণ হওয়ার উপক্রম।

মশলার দামের চিত্র:

এলাচ: ৩২০০ টাকা থেকে বেড়ে ৫৫০০ টাকা (কেজি)।

আলু বোখারা: ৪০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা

কিশমিশ: ৫০০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ ৫০-৭০ টাকা, চিনি ৯৮-১০৫ টাকা এবং ছোলা ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও চাল-ডাল-তেলের চড়া দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বিভাগের নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়। পরে আন্দিমেশক শহরের আকাশে সেটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির মালিকানা বা এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া সমঝোতা উদ্যোগও কার্যকর হয়নি।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় মার্কিন বাহিনীর সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ভাষ্য, এই হামলা তাদের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপের অংশ। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাত সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

Continue Reading

top2

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

Published

on

By

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। পরে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, জমিদাতাসহ যাঁরা অবদান রেখেছেন তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।’

পরে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে নতুন প্রশাসনিক ভবনের পাশে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এরপর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২০ পাউন্ডের কেক কাটা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. তানজিল হোসেন।

Continue Reading

top2

রাজধানীর বিভিন্ন সড়কে ফের শিক্ষার্থীদের অবস্থান

Published

on

By

ঢাকা প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা, মিরপুর ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর এবং সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এসব স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করবেন তারা।

শিক্ষার্থীদের এই লংমার্চকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Continue Reading

Trending