ইসরায়েল সরকার তার সামরিক বাহিনীকে গাজা দখল করার উদ্দেশ্যে চালানো আক্রমণ সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে—এ খবরটি সরকারি অর্থায়নে সম্প্রচারিত ‘আর্মি রেডিও’তে প্রকাশ করা হয়।
এই নির্দেশ আসে তখনই, যখন যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের ওপর হামাস আংশিক সাড়া দিয়ে কিছু শর্তে তা গ্রহণের ঘোষণা দিয়েছে। আর্মি রেডিওর সংবাদকর্মী ডরোন কাদোস জানান, ইসরায়েলের রাজনৈতিক মহল সশস্ত্র কার্যক্রমকে ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে এনে শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। কাদোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এর বাস্তবিক অর্থ হলো—(গাজা সিটি) দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত এটি স্থগিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা ও কূটনৈতিক সূত্রে জানা যায়, হামাস যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে এবং তাদের হাতে থাকা সব ইসরায়ি জিম্মি মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তখনই ইসরায়েল প্রস্তাবটির প্রথম ধাপগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর, যা রয়টার্স প্রকাশ করে।
ট্রাম্প গতকাল শুক্রবার হামাসকে তার প্রস্তাব গ্রহণের সময়সীমা দেন; তিনি জানান, ওয়াশিংটন টাইম অনুযায়ী রোববার সন্ধ্যা ৬টার মধ্যে উত্তর না দিলেই হামাস ‘অভূতপূর্ব নরকীয় পরিণতি’ ভোগ করবে। কয়েক ঘণ্টার মধ্যে হামাস আনুষ্ঠানিকভাবে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা করে—বিবৃতিতে তারা জানায়, জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা, তবে প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনা দরকার।
ট্রাম্প হামাসের এই সাড়াকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।
এর আগে হোয়াইট হাউস সোমবার গাজায় যুদ্ধবিরতির নির্দেশসহ ২০ দফা বিশদ পরিকল্পনা প্রকাশ করে এবং তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন জানান। ওই পরিকল্পনায় বলা হয়েছে—গাজায় ‘তাৎক্ষণিকভাবে’ যুদ্ধ বন্ধ করা হবে; ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে এবং মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করতে হবে; বিনিময়ে ইসরায়েলে আটক থাকা গাজার ‘শত শত’ বাসিন্দাকে মুক্তি দেওয়া হবে।
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।
দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইতে এলে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ রোববার সকালে বিশ্বস্ত সূত্রে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানতে পারে সমকাল। এই খবর জানার পর পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি ও একজন এআইজির কাছে ফোন করে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। তারা প্রত্যেকে বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেন। তবে আনুষ্ঠানিক বক্তব্য দিতে এবং নাম প্রকাশে রাজি হননি কেউ।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা জানানো হয়।
অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
দুর্নীতি রোধে প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেয়ার পরিকল্পনা সরকারের বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (১৪ জুন) বনানীতে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কোয়ালিটি এডুকেশনের বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কোয়ালিটি এডুকেশনই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সরকারি প্রাথমিক শিক্ষার মান বাড়াতে চাই, যাতে সবাই এখানে আসার জন্য প্রতিযোগিতা করে।
তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে স্কুলগুলোকে সিঙ্গেল শিফটে পরিণত করতে চাই।
শিক্ষক বদলির প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেয়ার পরিকল্পনা সরকারের। এভাবে দুর্নীতি বন্ধ করতে চাই।
তিনি আরও বলেন, কোনো প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক যেন স্কুলে যেতে না পারেন, সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। নতুন করে শিক্ষক নীতিমালা করা হবে।
প্রাথমিকের নীতিমালার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকে আসছে কঠোর নীতিমালা। ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সব প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও পরিবেশ এবং ব্যবস্থাপনা—এই চারটিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৮ সালের কারিকুলামে খেলাধুলা ও সংস্কৃতি পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হবে।
খুলনায় নামাজের সময় মসজিদে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) ফজরের নামাজের সময় দৌলতপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদের ভেতর ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুসল্লিরা নামাজে দাঁড়ালে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এলোপাতাড় গুলি ছোড়ে। এতে লোকমান এবং আলম নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হন।
তাদেরকে মুসল্লিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার পরিদর্শক তদন্ত জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
দুই দিন আগে খুলনা নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় দোকানে বসে থাকা রফিক গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।