Connect with us

top1

‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

Published

on

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, বিকাল ৬টা পর্যন্ত ১ হাজার ৭০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন।

টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

Published

on

By

ঢাকা প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং পুনঃপরীক্ষার দাবিতে রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে এবার ওয়াকিটকির ব্যবহার দেখা গেছে। উত্তরায় সড়ক অবরোধে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এতে অনেক শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়নি এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এর আগে সায়েন্সল্যাব মোড়ে তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

সড়ক অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনরত প্রায় ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে রওনা হন। তারা নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে ভিসি চত্বরের পূর্ব পাশে পুলিশ তাদের আটকে দেয়। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা আবার পলাশী মোড় হয়ে শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তবে পরবর্তী কর্মসূচি নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা মতভেদ দেখা যায়। কেউ সচিবালয়, কেউ শিক্ষা বোর্ড, আবার কেউ শাহবাগে যাওয়ার পক্ষে মত দিলে একপর্যায়ে কর্মসূচির পরবর্তী গন্তব্য নির্ধারণে বিভ্রান্তির সৃষ্টি হয়।

Continue Reading

top1

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

Published

on

By

বরিশাল প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় ‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে ছয় দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ‘পোল্ট্রি (ব্রয়লার) মুরগি’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। এ মন্তব্যের প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা ও পদত্যাগ দাবি করেন। আন্দোলনের সময় ‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ভাষ্য, শিক্ষামন্ত্রীর একের পর এক সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইচএসসি-২০২৬ ব্যাচ। দীর্ঘ আট বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলেও প্রশ্নপত্রের মান, পরীক্ষার সময়সূচি এবং বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীরা জানান, পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার মতো কঠিন বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র এক দিনের বিরতি দেওয়া হয়েছে, যা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। এতে তারা শারীরিক ও মানসিক চাপের মুখে পড়েছেন। তাদের দাবি, তারা অটোপাস বা সিলেবাস পরিবর্তন চান না; বরং একটি বাস্তবসম্মত, যৌক্তিক ও শিক্ষাবান্ধব পরীক্ষা ব্যবস্থা চান।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে—যৌক্তিক কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পূর্ণাঙ্গ পরীক্ষার সুযোগ, ফল প্রকাশের দুই মাসের মধ্যে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা অথবা গ্রহণযোগ্য কারণ থাকলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ, প্রশ্নপত্রের ভুল সংশোধন, পরীক্ষার্থীদের ওপর সৃষ্ট মানসিক ও শারীরিক চাপের বিষয়ে শিক্ষামন্ত্রীর জবাবদিহি এবং প্রাকৃতিক দুর্যোগ চলাকালে যেসব কেন্দ্রে জলাবদ্ধতা রয়েছে সেখানে পরীক্ষা স্থগিত রাখা।

আন্দোলনে অংশ নেওয়া বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। কঠিন বিষয়গুলোর পরীক্ষার মাঝেও পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি। অতীতের তুলনায় প্রশ্নপত্রও অনেক কঠিন হয়েছে। এমনকি সিলেবাসের বাইরের প্রশ্নও এসেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক কেন্দ্রে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। অথচ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়া সত্ত্বেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা চালিয়ে যাওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি জানান তিনি।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী এনামুল বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষামন্ত্রী আমাদের ব্রয়লার মুরগি বলে মন্তব্য করেছেন। আমরা যদি দেশের ভবিষ্যৎ হই, তাহলে আমাদের সম্পর্কে এমন মন্তব্য কীভাবে করা হলো? এজন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে।’

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, কিছু শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।

Continue Reading

top1

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, পদত্যাগের দাবিতে প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী

Published

on

By

ডিজিটাল রিপো

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং তার পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষ করার পর প্রয়োজন হলে এ বিষয়ে কথা বলবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রী বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।”

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই ধরনের কর্মসূচি রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দিলে পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।

Continue Reading

Trending