Connect with us

ক্যাম্পাস

রাকসু নির্বাচন: ‘ঐক্য’ ভেঙে জুলাই আন্দোলনের ৯ সমন্বয়ক লড়ছেন ৫ প্যানেলে, ১ জন স্বতন্ত্র

Published

on

প্রান্ত কুমার দাশ, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে ভেঙে গেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র আলোচিত সমন্বয়ক কমিটির ঐক্য। একক প্যানেলের গুঞ্জন ছাপিয়ে কমিটির ৯ সদস্যই অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে ও একজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এই বিভক্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ১৭ সদস্যের সমন্বয়ক কমিটি। ৫ আগস্টের পরে এই সময়ন্বক কমিটির সদস্যরা শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ধারণা করা হচ্ছিল, আসন্ন রাকসু নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে কোনো প্যানেল দেবেন। তবে তফসিল ঘোষণার পর সেই ধারণা পাল্টে যেতে থাকে।

শুক্রবার পর্যন্ত ক্যাম্পাসে মোট ৯টি প্যানেল আত্মপ্রকাশ করেছে, যার পাঁচটিতেই গুরুত্বপূর্ণ পদে লড়ছেন সাবেক এই সমন্বয়করা।

কে কোন প্যানেলে

গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে বিভিন্ন প্যানেলের ঘোষণা আসতে থাকে। ওই দিন ছাত্রদল দুপুরে প্যানেল ঘোষণা করে। বিকেলে করে ছাত্রশিবির। ছাত্রশিবিরে চমক ছিল সাবেক সমন্বয়ককে নিজেদের প্যানেলে এনে ঘোষণা করা। এই প্যানেলে জিএস পদে চমক হয়ে আসেন সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলকে ছাত্রশিবির ‘ইনক্লুসিভ’ বলে আসছে।

তিন জন সমন্বয়কের নেতৃত্বে গত বুধবার (১০ সেপ্টেম্বর) ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে আরেকটি প্যানেল এসেছে। এই প্যানেলের ভিপি হয়েছেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, জিএস পদে আছেন আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আছেন আকিল বিন তালেব। 

গতকাল (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে আরেকটি প্যানেলের আত্মপ্রকাশ হয়। এতে সাবেক দুই সমন্বয়ক রয়েছে। এই প্যানেলে রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী হয়েছেন সাবেক সমন্বয়ক তাসিন খান। প্যানেলে মাহাইর ইসলাম হয়েছে এজিএস প্রার্থী।  

‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামে গত সোমবার আরেকটি প্যানেল আসে। এখানে সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ ভিপি প্রার্থী হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকারের পরিষদেও বর্তমান সভাপতি। গত মঙ্গলবার আত্মপ্রকাশ ঘটে  ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে আরেকটি প্যানেলের। এখানে ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক ফুয়াদ রাতুল। ফুয়াদ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বর্তমান আহ্বায়ক। 

এদিকে মো. আতাউল্লাহ নামে সাবেক সমন্বয়ক পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পদক পদে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি এখন পর্যন্ত কোনো প্যানেলে যুক্ত হননি। 

আরেক সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম (শহিদ) নবাব আব্দুল লতিফ হলে ছাত্রশিবির সমর্থিত ‘নবাবীয়ান ঐক্যজোট’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করছেন। 

এ ছাড়া ছাত্রত্ব না থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সাবেক সমন্বয়ক মেহেদী হাসান (মুন্না), গোলাম কিবরিয়া মো. মিশকাত চৌধুরী, মাসুদ রানা, মো. নওসাজ্জামান, তানভীর আহমেদ রিদম।

সাইবার বুলিং ভয়ে নির্বাচনে আসেননি দুই নারী সমন্বয়ক

ক্যাম্পাসে পরিচিতি ও ছাত্রত্ব থাকার পরও নির্বাচনে অংশ নিচ্ছেন না সমন্বয়ক কমিটির দুই নারী সদস্য ফৌজিয়া নৌরিন ও অহনা মৃত্তিকা। জুলাই আন্দোলনের পর থেকে সাইবার বুলিংয়ের শিকার হওয়া এবং নির্বাচনের ‘পরিবেশ না থাকাকে’ কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।

এ বিষয়ে ফৌজিয়া নৌরিন বলেন, ‘আন্দোলনের পর থেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, যা একজন মেয়ে হিসেবে সহ্য করা কষ্টকর। নির্বাচনে অংশ নিলে আবার এই সমস্যার সম্মুখীন হতে হবে। প্রশাসন এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।’

একই ধরনের আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী অহনা মৃত্তিকাও। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা মিছিলের সামনের সারিতে ছিল। কিন্তু আন্দোলনের পর আর নারী শিক্ষার্থীদের কেউ পাশে রাখেনি বা মনে রাখেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ছাত্র সমন্বয়করা আমাদের নারীদের অবদান সেভাবে তুলে ধরেননি। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের নানাভাবে সাইবার বুলিং করা শুরু হলো। আন্দোলনের সময় এসব কথা কোথায় ছিল? এ জায়গায় আমি কাজ করার মনোভাব হারিয়ে ফেলেছি। এ ছাড়া নির্বাচনের পরিবেশ না থাকা ও সাইবার বুলিংয়ের শঙ্কায় নির্বাচনে অংশ নিচ্ছি না।’

ক্যাম্পাস

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক ও উপযোগী করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের মসজিদ ও রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। হল প্রশাসনের উদ্যোগে এসব এসি স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে বিজয়-২৪ হল অন্যতম। গরমের সময়ে রিডিং রুমে দীর্ঘ সময় পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় গরমের সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সহজ হবে। তবে হলের অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

বিজয়-২৪ হলের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, “রিডিং রুমে এসি স্থাপন হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে গরমের সময়ে দীর্ঘক্ষণ পড়াশোনা করা অনেক কষ্টকর হয়ে পড়ে। এখন তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করা সম্ভব হবে। রিডিং রুমে আরও দুই-তিনটি এসি স্থাপন করা হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো হবে।”

হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। রিডিং রুমে এসি থাকায় গরমের সময় আমাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পাশের রিডিং রুমটিতেও দ্রুত এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে আমরা আরও উপকৃত হব।”

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। পাশাপাশি রিডিং রুমে পানির ফিল্টার স্থাপন এবং পাশের রুমগুলোতেও এসির ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য পরিবেশ আরও সুন্দর ও সুবিধাজনক হবে।”

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন করা হয়েছে। পাশের রিডিং রুমেও খুব শিগগির এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেখানে এসি স্থাপনের কাজও করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার বিষয়টি হল প্রশাসনের অগ্রাধিকার। পর্যায়ক্রমে হলের অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও বাড়ানোর চেষ্টা করা হবে।”

এসি স্থাপনের খরচ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আকিফ বলেন, “বিজয়-২৪ হলে চারটি এসি স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭৪ হাজার টাকা। আরও একটি এসি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোতে রিডিং রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Continue Reading

ক্যাম্পাস

রাবিতে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নবীন বরণ ২৬ আগস্ট

Published

on

By

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থানরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন করা হবে।

সংগঠনটি জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীধাম ওড়াকান্দির শ্রী পদ্মনাভ ঠাকুর। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. স্বরোচিষ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি সেতু দাস।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের অধ্যাপক ড. সুভাষ চন্দ্র সুতার, দর্শন বিভাগের অধ্যাপক ড. সন্ধ্যা মল্লিক, সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেবি বিশ্বাস, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডল, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চন্দন রায় এবং শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম মল্লিক।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের কর্মীরা অংশ নেবেন।

নবীন শিক্ষার্থীদের জন্য থাকছে—

ফুল দিয়ে বরণ, টি-শার্ট, চাবির রিং, স্মরণিকা, প্রসাদ

মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাবি শাখার সভাপতি সেতু দাস বলেন, শিক্ষা, সংস্কৃতি, মানবতা ও সম্প্রীতির চেতনায় নবীনদের স্বাগত জানিয়ে নতুন পথচলার এই আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

Continue Reading

ক্যাম্পাস

রাবিতে কালীগঞ্জ পরিবারের সভাপতি মেহেদী, সম্পাদক আলভী

Published

on

By

​রাবি প্রতিনিধি

​রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কালীগঞ্জ পরিবার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মেহেদী হাসান সভাপতি এবং আরিফ আলভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন – সহসভাপতি ফাহিম শাহরিয়ার, সানজিদা বিনা, আরিফিন রিফাত, মুসলিমা খাতুন ও তাসফিয়া আশরাফ অরিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. অপু হোসেন, তাসনিম হোসাইন তিশি, সাফায়েত হাসান আলিদ ও সানজিদা মীম।

​সাংগঠনিক সম্পাদক রুমন খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিতা চক্রবর্তী ও তৌহিদুল ইসলাম তৌহিদকে। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ইমন চৌধুরী, প্রচার সম্পাদক বায়েজিদ, দপ্তর সম্পাদক রফিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অরণ্য, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রভা সাহা, শিক্ষা সম্পাদক নাজিয়া ইসলাম নূপুর, ক্রীড়া সম্পাদক লিখন, সমাজসেবা সম্পাদক সাদিকুর রহমান, আইটি সম্পাদক তামিম হোসেন এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে মারিয়া মেহজাবীন শম দায়িত্ব পেয়েছেন।

​নবগঠিত এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে এম শামিম, সৌরভ দত্ত, রাহাতুল আমিন রাব্বি, তাবাসসুম কবীর, হাসানুজ্জামান হাসান ও মুজাহিদ হাসান এবং সাধারণ সদস্য হিসেবে জিয়ম আফরোজ, ফাতেমা আক্তার মীম ও লিজা খাতুনকে রাখা হয়েছে।

Continue Reading

Trending