মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

বুটেক্সে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপিত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
বুটেক্সে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপিত
হিন্দুধর্মের আরাধ্য দেবী কালী। ছবি: অভিষেক দত্ত

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা-১৪৩৩। রবিবার (৮ নভেম্বর) ক্যাম্পাসে প্রদীপ জ্বালিয়ে ভক্তিপূর্ণ পরিবেশে দেবী শ্যামার আরাধনা করেন শিক্ষার্থীরা। একই দিনে পবিত্র দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয়। সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দুর্গাপূজার পর শ্যামা পূজাকে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে গণ্য করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাত ১০টায় অনুষ্ঠিত হয় গীতা আলোচনা। এরপর রাত সাড়ে ১০টায় দামোদর প্রদীপ নিবেদনের মধ্য দিয়ে সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাত ১২টায় ঢাকের বাদ্য, 'জয় মা কালী' ধ্বনি ও ধূপের গন্ধে শুরু হয় মাতৃবরণ। এরপর যথানিয়মে অনুষ্ঠিত হয় অধিবাস, মায়ের আরতি ও মাতৃপূজা। পূজার ফাঁকে ভক্তিমূলক গানের আসরে সম্মিলিত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। দিনভর উপবাস শেষে ভোর সাড়ে ৬ টায় অঞ্জলি প্রদান এবং সবশেষে সবার মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শ্যামা পূজা সম্পন্ন হয়।

এছাড়া পূজার মূল আনুষ্ঠানিকতার আগে বুটেক্সের প্রতিটি আবাসিক হলে তৈরি হয় ভ্রাতৃত্ব ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ। হলগুলোতে শিক্ষার্থীরা একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে আলোকময় করে তোলেন চারপাশ এবং বাজি ফুটিয়ে আনন্দে মাতেন। বহুদিনের ঐতিহ্য অনুযায়ী একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং উত্তরা মন্দিরের গীতা শিক্ষক শ্রীপদ ত্রিভঙ্গ শ্যাম দাস। এছাড়া ৩৩তম ব্যাচের সজল বিশ্বাস, ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর, ৪৫তম ব্যাচের জয় পাল ও ৪৬তম ব্যাচের সৌরভ রায়সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজল বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "উৎসবগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। অনেক প্রতিবন্ধকতার মাঝেও এত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। প্রোগ্রামগুলো এভাবেই চলতে থাকুক। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।"

অনুষ্ঠানে উপস্থিত ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৌরভ রায় সবাইকে প্রণাম জানিয়ে বলেন, "এই উৎসব আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। দামোদর ব্রত পালনের উদ্যোগ প্রথম নিয়েছিলেন ৪১তম ব্যাচের পার্থ সূত্রধর দাদা। তারপর থেকে আমরা অনুষ্ঠানটি করে আসছি। আমরা সবাই এমন অনুষ্ঠানে অংশ নিয়ে একে আরও বড় করার চেষ্টা করি। ধন্যবাদ ও শুভকামনা।"

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস কারণ বলেন, "তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গ্রামের উঠানের পূজার কাছে শহরের চাকচিক্য সর্বদা হার মানে, এই ভাবনা থেকেই এবার আমরা গ্রামীণ বারান্দার থিমে আয়োজন সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি, আর বাকিটা সব মায়ের ইচ্ছা।"

উল্লেখ্য, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে শ্যামা পূজা উদযাপন করেন। এই দিনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত পিতৃপুরুষ ও প্রিয়জনদের স্মরণ করা হয়, যা দীপাবলি নামে পরিচিত।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz