ময়মনসিংহে বাড়ছে ছিনতাই, এবার ছিনতাইকারীদের কবলে জাককানইবির শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গেটসহ আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এবার ওই এলাকায় অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক শিক্ষার্থী। এ সময় তাঁর মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মোবাইল ফোন নেওয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম ইনসাফ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে ইনসাফ জানান, ক্যাম্পাসের বাসে ময়মনসিংহে পৌঁছে দুপুরের দিকে চড়পাড়া থেকে ব্রিজের উদ্দেশ্যে একজন যাত্রীসহ একটি অটোরিকশায় ওঠেন তিনি। কিছুদূর যাওয়ার পর মেডিকেলের পেছনের গেটের কাছ থেকে তিনজন যুবক অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা তাঁর মানিব্যাগ ছিনিয়ে নেন এবং মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করেন। তবে ফোনটি পকেটে চেইন দিয়ে আটকানো থাকায় সেটি নিতে পারেননি তাঁরা।
তিনি আরও জানান, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে নেমে আসেন তিনি। এক মিনিটেরও বেশি সময় ধরে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ছাড়াই রক্ষা পান তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “চড়পাড়াসহ পুরো ময়মনসিংহ অঞ্চলেই ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। আমরা যখন ছিনতাইকারীদের গ্রেপ্তার করি, তখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে কিছুদিন পর আবারও তাদের তৎপরতা শুরু হয়। এ সমস্যা মোকাবিলায় আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আশা করছি, খুব শিগগিরই এ অঞ্চল থেকে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা নির্মূল করা সম্ভব হবে।”
এদিকে, ময়মনসিংহে নিয়মিত অটোরিকশায় যাতায়াতকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে একই অটোরিকশায় যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী
১ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





