পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ দিল বাকৃবি
বাকৃবি প্রতিনিধি:
পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাউরেসের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ-আর-রাফি।
উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের প্রধান গবেষক (পিআই) ও একই বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে দুজন কৃষক-কৃষাণী তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ধান চাষের তুলনায় পেঁয়াজ চাষ অধিক লাভজনক হওয়ায় এ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আমাদের আরও গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই প্রকল্পে অর্থায়নের জন্য আমি কেজিএফকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাসুম আহমাদ বলেন, বর্তমান বাস্তবতায় পেঁয়াজ শুধু মসলা হিসেবেই নয়, সবজি হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে এর উৎপাদন ও উন্নত চাষাবাদ প্রযুক্তির প্রসার গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে মানসম্মত পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী
১ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





