মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ২:২১ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই সরকারের। বরং বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আসামি হিসেবে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনি উদ্যোগকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন। তার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলায় সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে। তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী বা বিদেশি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনি নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করা হলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন হুমায়ুন কবির। তার দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।

যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে তাদের সরে যেতে হয়।

যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, অধিকাংশ সংসদ সদস্য এ বিষয়ে নৈতিক অবস্থান বজায় রেখেছেন।

সবশেষে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে ফেরার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz