মূল অংশে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলা, তৌফিকের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২২ বছর বয়সী তৌফিকের মরদেহ পৌঁছেছে গাইবান্ধার গ্রামের বাড়িতে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলা, তৌফিকের মৃত্যু
তৌফিক শেখ। ফাইল ছবি।

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে হামলায় আহত তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পৌঁছান।

তাঁর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। বুধবার জানাজা ও দাফন

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় তৌফিকের নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জীবিকার প্রয়োজনে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজন ও এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে পোশাক কারখানায় চাকরি নেন তৌফিক। গাজীপুরের বাংলাবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। গত কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। ওই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার একটি ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করেন তাঁর ভাই। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তৌফিক।

পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৌফিকের বড় ভাই।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ মঙ্গলবার রাতে জানান, রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তাঁর দাফন সম্পন্ন হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz