মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারি বিভিন্ন দপ্তরে বছরে লাখ লাখ, এমনকি কোটি টাকা ব্যয় করতে হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ · আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’
ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দিতে পারতেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তাঁর মতে, এসব খরচ কমিয়ে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা গেলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সক্ষমতা তৈরি হতে পারে।

তিনি বলেন, বিভিন্ন খাতে অর্থ দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বছরে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। এই অর্থ শ্রমিকদের বেতন হিসেবে দেওয়া সম্ভব হতো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক মনে হয়েছে। তাঁর ভাষ্য, দেশের সমস্যা সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনের পরিস্থিতি তাঁর কাছে নতুন ধরনের অভিজ্ঞতা। একটি মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার আগেই অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি মনে করেন। এতে কোনো মালিকের সংশ্লিষ্টতা বা মতামত ছিল না, শ্রমিকদেরও মতামত নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

মাসুদ বলেন, কিছু নেতৃবৃন্দ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মজুরি বোর্ডের। কিন্তু সেই প্রক্রিয়ার জন্য সময় না দিয়ে আগের দিনই প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও ইন্ধনের কথা তাঁরা জানতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের আন্দোলন প্রতিহত করা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক দলগুলোর সমন্বিত বক্তব্য ও সহযোগিতা প্রয়োজন ছিল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz