ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাদের ‘সম্ভাব্য পুনর্বাসনের’ প্রস্তাবও দেওয়া হচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে দেশটির বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যদের সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতাদের পুনর্বাসনের সুযোগও রাখা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির অধীনে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রতিষ্ঠা করা হয়। আমেরিকানদের জীবন ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এ কর্মসূচি চালু করা হয়েছিল।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ইরানের ব্যর্থতার কারণে দেশটির সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে সংস্থাটি নিয়মিত তথ্য পাচ্ছে না।
তবে কোন ধরনের তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো শর্ত জানানো হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। তাঁর দাবি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত।
এ সময় ট্রাম্প আরও দাবি করেন, ইরান সংঘাতের অবসান ঘটাতে আগ্রহী এবং একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং তেহরান চুক্তির বিষয়ে অত্যন্ত আগ্রহী।
এদিকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাঁর সরকার এখনও সংলাপের মাধ্যমে চলমান সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া · ১ জন
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





