মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার ভিত্তিতে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছে রয়টার্স। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz